শীত আসলেই ঠোঁটের চামড়া ওঠা ও ফাটার সমস্যায় ভোগেন অনেকেই। তাই শীতে ঠোঁটের চাই বাড়তি যত্ন। শীত আসতেই ঠোঁট ভালো রাখতে ব্যবহার করুন স্ক্রাব। নিয়মিত ঠোঁট স্ক্রাব করলে ঠোঁটের মৃতকোষ দূর হবে। এটি চামড়া ওঠা সমস্যার সমাধানের পাশাপাশি ঠোঁট ফাটাও রোধ করবে।
ঠোঁট ভালো রাখতে সপ্তাহে অন্তত দুইবার স্ক্রাব করা জরুরি। জেনে নিন কিভাবে খুব সহজেই ঘরেই তৈরি করতে পারবেন লিপ স্ক্রাব-
ব্রাউন সুগার স্ক্রাব
ব্রাউন সুগার শরীরের জন্য যেমন উপকারী ঠিক তেমনই ত্বক এক্সফোলিয়েটর হিসেবেও বেশ ভালো কাজ করে। এটি গ্লাইকোলিক অ্যাসিড সমৃদ্ধ, যা ত্বককে এক্সফোলিয়েশন করে। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা ঠোঁটকে করে মসৃণ ও উজ্জ্বল।
১ টেবিল চামচ ব্রাউন সুগারের সঙ্গে আধা টেবিল চামচ মধু ও তেল মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটি ঠোঁটে কিছুক্ষণ আলতো হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। তারপর ঠোঁটে লিপজেল ব্যবহার করুন।
গ্রিন টি স্ক্রাব
গ্রিন টির সাথে আধা টেবিল চামচ টকদই, সমপরিমাণ অলিভ অয়েল ও চিনি মিশিয়ে নিয়ে মিশ্রণটি ঠোঁটে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ঠোঁটের মৃতকোষ উঠে যাবে। ফলে ঠোঁটের চামড়া ওঠা রোধ হবে। আর ফাটবে না।
কফি স্ক্রাব
নারকেল তেল বা অলিভ অয়েলের সাথে কফি পাউডার মিশিয়ে নিয়ে ঠোঁট স্ক্রাব করুন। নিয়মিত স্ক্রাবটি ব্যবহারে ত্বকের কালচে ভাব দূর হবে, ঠোঁটের চামড়া ওঠা ও ফাটাও রোধ হবে।
মনে রাখবেনঃ
-সবসময় সাথে একটি লিপ বাম বা লিপ জেল রাখুন। ঠোঁট শুষ্ক হলেই লিপ বাম ব্যবহার করুন।
-ঠোঁটে কখনও মানহীন লিপস্টিক ব্যবহার করবেন না। এতে ঠোঁট কালচে হয়ে যায় এবং চামড়া উঠতে পারে। শীতে ঠোঁটে ম্যাট লিপস্টিক ব্যবহার করবেন না।
-এসব স্ক্রাবগুলো যখন ব্যবহার করবেন ঠিক তার আগেই তৈরি করে নিবেন। কারণ, তৈরি করে বেশিদিন ফ্রিজে রাখলে এর কার্যকারিতা হারাবে।
আনন্দবাজার/ টি এস পি









