সন্ত্রাসীদের সঙ্গে মুসলিমদের গুলিয়ে ফেলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলান্দে। ফ্রান্সের নিস শহরে একটি চার্চে হামলার ঘটনায় তিনজন নিহত হওয়ার পর এমন মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, এসব ইসলামিস্ট সন্ত্রাসীরা ধর্মের মধ্যে যুদ্ধ বাঁধাতে চায়। তিনি আরও বলেন, এসব সন্ত্রাসীদের সঙ্গে মুসলিমদের গুলিয়ে ফেলবেন না। ওলান্দে বলেছেন, এটা করলে আমরা সংঘাতে পতিত হবো, যেটা আমরা চাই না।
গত বৃহস্পতিবার ফ্রান্স ও ফ্রান্সের বাইরে ফরাসি স্থাপনা ও ব্যক্তির ওপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটে। ফরাসি শহর নিস, আভিগনন ও লিও এবং রিয়াদে ফরাসি কনস্যুলেটের বাইরে এসব হামলার দিকে ইঙ্গিত করে এই মন্তব্য করলেন সাবেক ফরাসি প্রেসিডেন্ট।
ফ্রান্স কর্তৃপক্ষ জানায়, নিস শহরে ওই চার্চে হামলা চালানো ব্যক্তির নাম ব্রাহিম আয়োইসায়োই। তিনি তিউনিশিয়ার বংশোদ্ভূত। ব্রাহিমের হামলায় দুজন নারী ও একজন পুরুষ নিহত হয়। পরে পুলিশের গুলিতে আহত হন তিনি। এখন হাসপাতালে রয়েছেন ব্রাহিম।
হামলার পর ফ্রান্সের সন্ত্রাসবিরোধী কৌঁসুলি জ্যঁ-ফ্রাসোয়া রিকার্ড জানায়, ব্রাহিমের কাছে তারা হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র খুঁজে পেয়েছেন। ১৭ সেন্টিমিটার ওই ছুরি ছাড়াও তার কাছে আরও দুটি ছুরি ছিল।
আনন্দবাজার/টি এস পি









