বাংলাদেশি পণ্যে বেইজিং-এর শুল্কমুক্ত প্রবেশাধিকার কে ‘খয়রাতি’ আখ্যা দিয়ে তোপের মুখে পড়েছে কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকা। এ ঘটনায় তারা নিজেদের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছে । মঙ্গলবার (২৩ জুন) ওই পত্রিকার প্রিন্ট ভার্সনের চতুর্থ পৃষ্ঠায় ‘ভ্রম সংশোধন’ শিরোনামে এ ক্ষমা প্রার্থনা করা হয়েছে।
গত শনিবার ‘লাদাখের পরে ঢাকাকে পাশে টানছে বেজিং’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে ঢাকাকে দেওয়া চীনের বাণিজ্য সুবিধার কথা বলতে গিয়ে ‘খয়রাতি’ শব্দটি ব্যবহার করে কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকা। যাতে আহত হয় বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ আর তীব্র প্রতিবাদ হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কলকাতাভিত্তিক ওই পত্রিকার অবস্থানের সমালোচনা করা হয়।
অবশেষে মঙ্গলবার আনন্দবাজার পত্রিকা ‘ভ্রম সংশোধন’ শিরোনামে বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। সেখানে তারা লিখেছে ‘লাদাখের পরে ঢাকাকে পাশে টানছে বেজিং’ শীর্ষক খবরে (২০-৬, পৃ ৮) খয়রাতি শব্দের ব্যবহারে অনেক পাঠক আহত হয়েছেন বলে জানিয়েছেন। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত ও নিঃশর্ত ক্ষমাপ্রার্থী।’
আনন্দবাজার/শহক









