- পেট্রোল পাম্পে রাতে ভিড়
গত শুক্রবার রাত সাড়ে ১০টার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে তেলের মূল্য বৃদ্ধির খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে নোয়াখালীর পেট্রোল পাম্পগুলোতে ভিড় করেছিল মোটরসাইকেল চালকরা। কিন্তু এর ভিন্নচিত্র দেখা গেছে পরদিন শনিবার। সকাল থেকে পাম্পগুলোতে ক্রেতাদের ভিড় নেই বললেই চলে। এদিকে খুচরা দোকানগুলোতে দেখা দিয়েছে তেল সংকট। ফলে ভোগন্তিতে পড়েছে মোটরসাইকেল চালকরা।
কিছু কিছু দোকানে অকটেন বা পেট্রোল থাকলেও তা বিক্রি হচ্ছে ১৪০ টাকা ধরে প্রতি লিটার। কোনো প্রকার সময় না দিয়ে এক রাতে তেলের দাম প্রায় ৫০ ভাগ বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। এর আগে, শুক্রবার রাত ১২টা থেকে ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম বৃদ্ধি কার্যকর হওয়ার খবর পেয়ে রাত ১১টার পর জালানি তেল বিক্রি বন্ধ করে দেয় নোয়াখালীর কয়েকটি পেট্রোল পাম্প। পরে পুলিশের হস্তক্ষেপে বেগমগঞ্জের চৌমুহনীর মেসার্স এ এস এম জহিরুল ইসলাম ফিলিং স্টেশন আগের দামে পুনরায় তেল বিক্রি শুরু করে। তবে একটি মোটরসাইকেলে ৩শ’ টাকার বেশি তেল দেওয়া হয়নি রাতে।
এদিকে তেলের দাম বৃদ্ধি পাওয়ার খবর শুনে আগে থেকে বন্ধ করে দেয় রঞ্জনবিবি এলাকার সাবিক সিএনজি ফিলিং স্টেশনে তেল বিক্রি। গভীর রাত পর্যন্ত পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের ব্যাপক ভিড় ছিল।









