ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় সবার মুখেই মাস্ক। উদ্দেশ্য একটাই করোনাভাইরাস প্রতিরোধ। এরই মধ্যে নতুন করে ফ্রান্সে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শুক্রবার (২৮ আগস্ট) থেকে রাজধানীতে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ফরাসি কর্তৃপক্ষ।
দেশটিতে গেল ২৪ ঘন্টায় ৭ হাজার ৩শ’র বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা গেল মার্চের পর একদিনে সর্বোচ্চ।
করোনার কারণে দেশজুড়ে পুনরায় লকডাউন এড়াতে বিকল্প পদ্ধতি ভাবছে ম্যাক্রোঁ সরকার। তবে যে অঞ্চলে সংক্রমণ তুলনামূলক ভাবে বাড়ছে আপাতত সেখানে লকডাউন দেয়া হচ্ছে। এদিকে, ভাইরাসটি নিয়ন্ত্রণের বাইরে গেলে ফের কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
ম্যাক্রোঁ বলেন, সর্বপ্রথম আমাদের নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সবকিছুর প্রস্তুতি আগে থেকেই নিয়ে রাখতে হবে। প্রথম ধাপে যে ভুল হয়েছে তার যেন পুনরাবৃত্তি না হয় সেটাই প্রাধান্য দিবো। মাস্ক পরা সত্যিই অস্বস্তিকর হলেও ভাইরাসটি প্রতিরোধে এটা আমাদের মানতেই হবে।
আন্দবাজার/এম.কে









