বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেতে যাচ্ছে ডাক বিভাগের চালু করা মোবাইলে আর্থিক সেবা প্রদান করা প্রতিষ্ঠান 'নগদ'। ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংক নগদকে আগামী ছয় মাস কাজ চালিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে বলে জানা যায়।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, নগদকে বাংলাদেশ ব্যাংকের এমএফএস সংক্রান্ত নীতিমালা ও বেঁধে দেওয়া লেনদেন সীমা যথাযথভাবে মেনে চলতে বলা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে নগদও কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা ও লেনদেন সীমা মেনে চলতে শুরু করেছে। 'নগদ' ডাক বিভাগের সেবা হলেও এটি পরিচালনার সাথে যুক্ত রয়েছে থার্ড ওয়েভ টেকনোলজি লিমিটেড। নগদের মালিকানার ৫১ শতাংশ শেয়ার রয়েছে ডাক বিভাগের হাতে, আর বাকি ৪৯ ভাগ থার্ড ওয়েভ টেকনোলজির হাতে।
এদিকে, চূড়ান্ত অনুমোদন এর আগে বেশ কিছু শর্ত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তা হচ্ছে, ডাক বিভাগের নামে ব্যাংক হিসাব খোলা। দিনশেষে শেষে ই-মানি ও ব্যাংক হিসাবে সমান টাকা থাকা। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকে নিয়মিতভাবে প্রতিবেদন জমা দিতে বলেছে।
নগদ এমএফএস প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন পেলে বিকাশ ও রকেটের মত বিভিন্ন ব্যাংকের সঙ্গে চুক্তি করতে পারবে। এতে করে ব্যাংক হিসাব থেকে নগদে টাকা স্থানান্তর করতে পারবে গ্রাহকেরা। এতে গ্রাহকের ভোগান্তি কমবে। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপক মেজবাউল হক জানান, অনুমোদন দেওয়ার আগে নগদকে ছয় মাস কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি মেনে চলতে বলা হয়েছে। এরপরই অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
নগদের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ মিশুক জানান, বাংলাদেশ ব্যাংক গত ফেব্রুয়ারিতে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে বলেছে, কিছু নির্দেশনা দিয়েছে। আমরা সেই নির্দেশনা মেনে চলছি।
আনন্দবাজার/শহক








