প্রাক-বাজেট
রপ্তানির বৃহত্তর স্বার্থে করপোরেট কর ১২ শতাংশ রাখার দাবি জানায় বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও ব্যবস্থা পরিচালনায় অত্যাবশ্যকীয় লাইসেন্স ও নিবন্ধন মেয়াদ ৩ বছর করারও দাবি রাখেন।
গতকাল বৃহস্পতিবার সেগুনবাচিায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে আয়োজিত ২০২২-২৩ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে অ্যাসোসিয়েশনের মো. মোয়াজ্জেম হোসেন মতি এসব দাবি তুলে ধরেন। প্রাক-বাজেট আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআরের শুল্ক সদস্য (শুল্ক নীতি) মাসুদ সাদিক।
পোশাক খাতে উৎপাদন ও রপ্তানিতে করপোরেট কর নেওয়া হয় ১২ শতাংশ। গ্রিন কারখানা হলে নেওয়া হয় ১০ শতাংশ জানিয়ে মোয়াজ্জেম হোসেন মতি বলেন, গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প প্রতিষ্ঠানগুলো শতভাগ রপ্তানি করলেও করপোরেট কর ৩০ শতাংশ দিতে হয়। আগামী বাজেটে এ খাতের কর ১২ শতাংশে নামিয়ে আনতে হবে। উৎসে কর শূন্য দশমিক ২৫ শতাংশ বহাল রাখতে হবে। শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও ব্যবস্থা পরিচালনায় অত্যাবশ্যকীয় লাইসেন্স ও নিবন্ধন মেয়াদ এককালীন ৩ বছর করার জরুরি।
বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আকতারুজ্জামান বলেন, ফার্নিচার শিল্পে বিনিয়োগ হচ্ছে। অনেক পণ্য বিদেশে রপ্তানির সুযোগ থাকলেও বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা না থাকায় তা হচ্ছে না। এর ফলে রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। তাই রফতানি বৃদ্ধির জন্য বন্ডেড ওয়্যারহাউজ সুবিধার দাবি জানায়।
দুই বছরের বেশি সময় ধরে কোভিড-১৯ মহামারির অভিঘাতে বিশ্বব্যাপী কাঁচামালের দাম এবং পরিবহন ব্যয় ব্যাপক বেড়েছে জানিয়ে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান বলেন, ফলে এ শিল্প চাপে পড়েছে। চাপ থেকে বের হয়ে আসার জন্য কাঁচামাল আমদানির ওপর থেকে সম্পূরক শুল্ক ও রেগুলেটরি ডিউটি প্রত্যাহার করতে হবে। এ সময় তিনি ৫ শতাংশ অগ্রিম কর ৩ শতাংশে নামিয়ে আনার প্রস্তাবও তুলে ধরেন।









