নিউমার্কেট রণক্ষেত্র---
- ডিবির যুগ্ম কমিশনারের সংবাদ সম্মেলন
রাজধানীর নিউমার্কেটে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষকালে হেলমেট মাথায় দিয়ে যারা হামলা করেছে, তারা সবাই সন্ত্রাসী এবং তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানায় ঢাকা মহানগর গোয়েন্দা (দক্ষিণ) পুলিশ। গতকাল বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।
রাজনৈতিক বিবেচনায় নয় হেলমেটধারীদের সন্ত্রাসী এমন মন্তব্যে করে মাহবুব আলম বলেন, তাদের চিহ্নিত করা হয়েছে। গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবির যুগ্ম কমিশনার বলেন, নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় দুজন তরুণ নিহত হন। এই ঘটনায় পৃথক দুটি মামলা গোয়েন্দা পুলিশের তদন্তাধীন। একটি নাহিদ হত্যায় এবং অপর মামলাটি হয়েছে মুরসালিন হত্যার ঘটনায়।
নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী মুরসালিনের হত্যাকারীদের এখনও চিহ্নিত করা যায়নি জানিয়ে মাহবুব আলম বলেন, তার মৃত্যু ঘটেছে ইটের আঘাতে। যারা ইটপাটকেল ছুঁড়েছে, তাদের থেকে হত্যাকারী চিহ্নিত করার চেষ্টা চলছে। আর নাহিদ হত্যাকাণ্ডের যে ফুটেজ রয়েছে, সেই ফুটেজের চুলচেরা বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। চিহ্নিতকরণের কাজটি অনেক দূর এগিয়েছে।
গ্রেপ্তারে বিলম্ব হওয়ার বিষয়ে মাহবুব আলম বলেন, ঢাকা কলেজের হোস্টেল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বাড়ি চলে গেছেন অথবা আত্মগোপনে আছেন। তবে ডিবির একাধিক টিম তাদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শিগগিরই এ বিষয়ে ভালো ফল জানানো হবে।
গত ১৮ এপ্রিল রাতে ও পরেরদিন নিউ মার্কেটের দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। এতে দুই জনের প্রাণহানি হয় এবং শতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর আক্রমণ, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও জখম এবং হত্যার অভিযোগে নিউ মার্কেট থানায় মোট ৪টি মামলা করেছে পুলিশ। একটি মামলায় আসামিদের নাম উল্লেখ করা হলেও বাকিগুলোর আসামি অজ্ঞাত। এ ঘটনায় মকবুল হোসেন নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।









