ঘনিয়ে আসছে পহেলা বৈশাখ অথচ বাজারে কমছে ইলিশের দাম। বড় বাজারে কেজি আকারের একটি ইলিশ পাওয়া যাচ্ছে মাত্র ৯০০ টাকায়, অবশ্য এসব হিমাগারের ইলিশ।
প্রতিবছর পয়লা বৈশাখের আগে কেজি ওজনের একটি ইলিশ অন্তত দেড় হাজার টাকায় বিক্রি হয়। কখনো কখনো দুই হাজারও ছাড়িয়ে যায়। এবার বাজারে ইলিশের চাহিদা তেমন নেই। নববর্ষ উদযাপনকে এবার বরবাদ করে দিয়েছে করোনাভাইরাস। এতে বিপাকে পরেছে ইলিশ ব্যবসায়ীরা।
পহেলা বৈশাখের বাজার ধরতে গত বছরের অক্টোবর-নভেম্বর থেকে শুরু করে বিপুল ইলিশ মজুত করেন ব্যবসায়ীরা। কিন্তু করোনার কারণে সারা দেশে চলছে সাধারণ ছুটি।
কারওয়ান বাজারের ইলিশ বিক্রেতা শুক্কুর আলী গতকাল (৮ এপ্রিল) জানান, তিনি এক কেজি ওজনের ইলিশ ৮০০ থেকে ৯০০ টাকা দামে বিক্রি করছেন। এর চেয়ে কিছুটা ছোট ইলিশের দাম নিচ্ছেন ৬৭০ টাকা কেজি। আর আধা কেজি ওজনের ইলিশের কেজি ৫০০ টাকার কাছাকাছি।
অবশ্য মাসখানেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে মাছ বিক্রি করা যাবে বলে আশা করেন ওই ব্যবসায়ী।
মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে দেশে মোট ৫ লাখ ৩৩ হাজার টন ইলিশ উৎপাদিত হয়েছে। গত এক দশকে ইলিশ উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে এখন সারা বছরই কমবেশি ইলিশ পাওয়া যাচ্ছে।
দাম কম হলেও করোনা আতংকের সঙ্গে নিজের জীবিকা নিয়ে চিন্তিত মানুষের ইলিশ কেনার সময় কোথায়? সাধ্যই বা আছে কতটুকু, যখন ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ, চাকরিজীবীরা দুশ্চিন্তায়।
আনন্দবাজার/তা.তা









