কয়লা উত্তোলন ও রফতানিকারী দেশগুলোর শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটি আগামী ১৫ বছরের মধ্যে পণ্যটি রফতানি দ্বিগুণের বেশি বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে পণ্যটির রফতানি বাণিজ্যে হিস্যা ১১ শতাংশ থাকলেও ২০৩৫ সাল নাগাদ এটি ২৫ শতাংশে উন্নীত করা পরিকল্পনা করেছে দেশটি। সূত্র: খবর রাশিয়া টুডে ও রয়টার্স।
দেশটির জ্বালানি মন্ত্রণালয় থেকে জানা যায়, ২০২৪ সালের মধ্যে কয়লার বার্ষিক উত্তোলন বাড়িয়ে ৪৪ কোটি ৮০ হাজার টন থেকে ৫৩ কোটি টনে উন্নীত করার সক্ষমতা অর্জন করতে পারে দেশটি। ২০৩৫ সাল নাগাদ জ্বালানি পণ্যটির উত্তোলন আরো বাড়িয়ে বছরে ৪৮ কোটি ৫০ হাজার টন থেকে ৬৬ কোটি ৮০ লাখ টনের রেকর্ড ছুঁতে পারে রাশিয়া।
এশিয়া প্যাসিফিকের দেশগুলো, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে কয়লা সরবরাহে রাশিয়ার অবস্থান আরো পোক্ত হতে উঠতে পারে। বর্তমানে দেশটি বছরে ১৯ কোটি ৬০ লাখ টনের মতো কয়লা ব্যবহার করে। এক দশকের মধ্যে দেশটিতে জ্বালানি পণ্যটির ব্যবহার বর্তমানের তুলনায় ১২ শতাংশ বাড়তে পারে।
এদিকে রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয় প্রত্যাশা করছে, আগামী ১৫ বছরের মধ্যে বর্তমানের তুলনায় চীনে পণ্যটির রফতানি বাড়িয়ে প্রায় দ্বিগুণে উন্নীত করতে সক্ষম হবে তারা। ২০৩৫ সাল নাগাদ চীনে বছরে গড়ে ৫ কোটি ৫০ লাখ টন কয়লা রফতানির পরিকল্পনা রয়েছে দেশটির। চীনের বাইরে এশিয়ার দেশগুলোর মধ্যে এ সময় রাশিয়ার কয়লা রফতানির অন্যতম বাজার হয়ে উঠতে পারে ভারত। ২০৩৫ সালের মধ্যে রাশিয়া থেকে ভারতে কোকিং কোলের রফতানি ব্যাপক হারে বাড়ার সম্ভাবনা রয়েছে। পণ্যটির রফতানিতে পরবর্তী ধাপে থাকতে পারে ভিয়েতনাম।
এছাড়া মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) পূর্বাভাস অনুযায়ী, আগামী এক দশকের মধ্যে ইন্দোনেশিয়াকে টপকে বিশ্বের শীর্ষ কয়লা রফতানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে রাশিয়া।
রাশিয়ার ফেডারেল কাস্টমস সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে দেশটি থেকে সব মিলিয়ে ২০ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টন কয়লা আন্তর্জাতিক বাজারে রফতানি হয়েছিল। ২০১৮ সালের তুলনায় গত বছর দেশটি থেকে পণ্যটির রফতানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছিল ২ দশমিক ৯ শতাংশ।
তবে চলতি বছরের শুরু থেকেই দেশটি থেকে কয়লা রফতানিতে মন্দা ভাব বজায় রয়েছে। নভেল করোনাভাইরাসের প্রকোপে বৈশ্বিক পরিবহন ব্যবস্থা এলোমেলো হয়ে পড়া এক্ষেত্রে মূল প্রভাবক হিসেবে কাজ করেছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
আনন্দবাজার/শহক









