বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর অবশেষে খুললো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় থিম পার্ক ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড। তবে আগের তুলনায় অনেক কম দর্শনার্থী আসছেন শিশুদের পছন্দের শীর্ষে থাকা এই পার্কটিতে।
আনন্দের যেন কমতি নেই শিশুদের মাঝে। দীর্ঘ প্রতীক্ষার পর, এ যেন আকাশে ডানা মেলে উড়াল পাখির মতো অনুভূতি। শিশুদের আবারো আমন্ত্রণ জানিয়ে খুললো ডিজনি ওয়ার্ল্ডের ম্যাজিক কিংডম ও অ্যানিমেল কিংডমের দুয়ার।
এদিকে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পার্কে ঢুকতেই চিরচেনা ভঙ্গিমায় দর্শনার্থীদের অভ্যর্থনা জানাচ্ছে মিকি মাউজ। আর পার্কের স্টাফরা করতালি দিয়ে বরণ করে নিচ্ছেন অতিথিদের।
তবে বর্তমান সময়টা যেহেতু অন্যরকম, তাই একেবারে ভিন্ন চিত্র এবার ডিজনি ওয়ার্ল্ডে। মিকি মাউজ, সিনড্রেলাসহ সুপারহিরো কার্টুন ক্যারেক্টারগুলোর খুব কাছে যাওয়ার কোনো অনুমতি নেই। আগত শিশুদের বিনোদন দিতে কেউ আসছে ঘোড়ায় চড়ে, আবার বিভিন্ন কার্টুন ক্যারেক্টারকে পানিতে ভাসিয়ে তৈরি করা হয়েছে এক ভিন্ন আবহ।
এছাড়া, ডিজনি ওয়ার্ল্ড খুললেও লোক সমাগমের ভীড় এড়াতে প্যারেড, আতশবাজিসহ বিভিন্ন কার্যক্রম আপাতত বাতিল করা হয়েছে।
মাস্ক ছাড়া কেউই ঢুকতে পারছে না পার্কে। পাশাপাশি প্রত্যেকের তাপমাত্রা নিয়েই দেয়া হচ্ছে প্রবেশের অনুমতি। এমনকি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরেই বিভিন্ন রাইড উপভোগ করার সুযোগ মিলছে। একইসাথে রয়েছে সামাজিক দূরত্ব মেনে চলার সতর্কবার্তাও।
উল্লেখ্য, ফ্লোরিডার অন্য থিম পার্কগুলোর মধ্যে ইউনিভার্সাল অরল্যান্ডো এবং সি ওয়ার্ল্ড অরল্যান্ডো খুলে দেয়া হয়েছে কয়েকসপ্তাহ আগেই। তাছাড়া আগামী ১৫ই জুলাই থেকে ডিজনি ওয়ার্ল্ডের এপকট ও হলিউড স্টুডিওগুলোও খুলে দেয়ার কথা রয়েছে।
আনন্দবাজার/শাহী









