সৌদি আরবে আরো দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ১০ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী।
ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কে দেয়া তথ্যমতে, গত শুক্রবার ঢাকার তপন খন্দকার (৬১) নামে একজন মারা যান। আগের দিন বৃহস্পতিবার মারা যান সিরাজগঞ্জের রফিকুল ইসলাম (৪৭)। এ নিয়ে হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত মঙ্গলবার পর্যন্ত সৌদি আরবে গেছেন ৫০ হাজার ২১৮ হজযাত্রী। এ পর্যন্ত ১৩৯টি হজ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেছেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল।
সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪৬ হাজার ৮৩৩ জন রয়েছেন। ১৩৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৯টি ফ্লাইট রয়েছে।









