করোনার সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটির সময় দেশের বাণিজ্যিক এলাকার সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া আগামী ২৬ এপ্রিল হতে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবেন। আর ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
আগামী ২৬ এপ্রিল থেকে এ নির্দেশনা কার্যকর হবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি হয়েছে।
নতুন নির্দেশনা বলা হয়েছে, আগামী ২৬ এপ্রিল হতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এসব এলাকায় অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা প্রতি কার্যদিবসে খোলা রাখতে হবে। বাণিজ্যিক এলাকার ব্যাংক শাখার দৈনিক ব্যাংকিং লেনদেনের সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো। এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে। এছড়া যেসব এলাকা লকডাউন করবে ওই এলাকায় সব ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।
এছাড়া ব্যাংকিং লেনদেনের জন্য খোলা রাখা শাখা ও প্রধান কার্যালয়ে নির্দিষ্ট দূরত্ব (বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী) বজায় রাখার বিষয়ে নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
আনন্দবাজার/শহক








