সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে সৌদি কর্তৃপক্ষ শুধু মাত্র ৩ জন প্রিন্সকে নয় বরং ২০ জন প্রিন্সকে গ্রেফতার করেছে বলে জানানো হয়েছে মিডল ইস্ট আই'র এক প্রতিবেদনে।
যদিও এর আগে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, গেল শুক্রবার (৬ মার্চ) সৌদি রাজপরিবারের ৩ প্রিন্সকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সৌদি নিরাপত্তা রক্ষীরা মুখোশ ও কালো পোশাক পড়ে রাজপরিবারের এসব সদস্যদের বাড়িতে গিয়ে তল্লাশি চালায়।
তবে ২০ জন প্রিন্সকে গ্রেফতার করা হলেও মিডল ইস্ট আই মাত্র চার জন প্রিন্সের নাম নিশ্চিত করতে পারছে। মিডল ইস্ট আই'র প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার হওয়া এসব প্রিন্সদের মধ্যে রয়েছেন প্রিন্স আহমেদ, তার ছেলে প্রিন্স নায়েফ বিন আহমেদ আব্দুলাজিজ, সাবেক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ ও তার সৎ ভাই নাওয়াফ বিন নায়েফ।
গ্রেফতার হওয়া এসব প্রিন্সদের মধ্যে অন্তত দুইজন দেশটির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম। এদিকে গ্রেফতারের পর রাজপরিবারের সকল প্রিন্সকে যুবরাজ টুইটারে তার প্রতি আনুগত্য প্রকাশের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে ৩ জন প্রিন্স সেটি পালন করেছেন।
আনন্দবাজার/এম.কে









