চীনে একটি কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও দুই জন।
হেনান প্রদেশের ওই কারখানাটিতে সোমবার (২১ নভেম্বর) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার এই দুর্ঘটনা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।
ঘটনার সূত্রপাত হয় হেনান প্রদেশের অ্যানিয়াং শহরের হাই-টেক জোনে অবস্থিত ফ্যাক্টরিতে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় সময় সোমবার বিকালে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬৩টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে কর্তৃপক্ষ ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে কিছু জানায়নি।
এর আগে ২০১৯ সালের মার্চে ইয়ানচেং অঞ্চলের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭৮ জনের মৃত্যু হয়। এ ঘটনায় দুর্ঘটনাস্থল সংলগ্ন এলাকার বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।
আনন্দবাজার/কআ









