নারকেল তেল উৎপাদনকারী দেশগুলোর তালিকায় সপ্তম শ্রীলংকা। তবে পণ্যটির রফতানিকারকদের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে দেশটি। গত বছর নারকেল তেল রফতানিতে প্রবৃদ্ধির দেখা পেয়েছিল দেশটি। তবে চলতি বছর এক-পঞ্চমাংশ কমতে পারে শ্রীলংকার নারকেল তেল রফতানি। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।
ইউএসডিএর প্রতিবেদন অনুযায়ী, শ্রীলংকার ইতিহাসে সবচেয়ে বেশি ২৩ হাজার টন নারকেল তেল রফতানি হয়েছিল ২০১৫ সালে, যা তার আগের বছরের তুলনায় ৪ দশমিক ৫৫ শতাংশ বেশি। পরের বছর দেশটি থেকে পণ্যটির রফতানি ১৩ দশমিক ৪ শতাংশ কমে ২০ হাজার টনে নেমে আসে।
এর পর টানা তিন বছর শ্রীলংকার নারকেল তেল রফতানিতে মন্দা ভাব বজায় ছিল। তবে ২০১৯ সালে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ২০ হাজার টন নারকেল তেল রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি।
চলতি বছর শ্রীলংকার নারকেল তেল রফতানিতে ফের মন্দা ভাব ফিরে আসতে পারে। ২০২০ সালে শ্রীলংকা থেকে নারকেল তেল রফতানি আরও এক-পঞ্চমাংশ বা ২০ শতাংশ কমে ১৬ হাজার টনে নেমে আসার সম্ভাবনা রয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস









