করোনা আতঙ্কে নিত্যপণ্যের পর এবার রাজধানীতে বেড়েছে অ্যাংকর, ছোলা ও মুগ ডালের দাম। সেই সাথে আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। শুক্রবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে এমন তথ্য পাওয়া যায়।
ব্যবসায়ীরা বলছেন, করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ার পরপরই চাল, ডাল, সয়াবিন তেল, আটা, শুকনা মরিচ, আদা, রসুন ও মসুর ডালের দাম বাড়ে। তবে অ্যাংকর, ছোলা ও মুগ ডালের দাম স্থিতিশীল ছিল। এছাড়া রমজান মাস কাছাকাছি চলে আসায় ছোলা ও অ্যাংকর ডালের দাম বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে মুগ ডালের দামও।
বাজার ও মানভেদে অ্যাংকর ডালের কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৩৫ থেকে ৪০ টাকা। ছোলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ৭০ থেকে ৭৫ টাকা কেজি। আর ১২০ থেকে ১৩০ টাকা কেজি বিক্রি হওয়া মুগ ডালের দাম বেড়ে ১৪০ থেকে ১৫০ টাকা হয়েছে।
হঠাৎ করে এমন দাম বাড়ার রামপুরার এক ব্যবসায়ী বলেন, রোজার সময় অ্যাংকর ডালের চাহিদা সব থেকে বেশি থাকে। অ্যাংকর দিয়ে অনেকে ঘুগনি বানায়। আবার এটা দিয়ে বেশনও তৈরি করা হয়। এ কারণে রমজানে অ্যাংকরের চাহিদা অনেক। অ্যাংকরের মতো এ সময় ছোলাও অপরিহার্য পণ্য।
এদিকে করোনা আতঙ্কে ৮০ টাকায় ওঠার পর গত সপ্তাহে পেঁয়াজের কেজি ৩০ টাকায় নেমে আসে। তবে রোজা সামনে রেখে আবার পেঁয়াজের দাম বেড়েছে। বাজার ও মানভেদে দেশি পেঁয়াজের কেজি এখন বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা।
আনন্দবাজার/রনি








