- রুমা-রোয়াংছড়ি ভ্রমণে নিরুৎসাহ
- ক্ষতির মুখে পড়ছে পর্যটন ব্যবসায়ীরা
নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। এতে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা পর্যটকরা। দুর্গম পাহাড়ে জঙ্গিবিরোধী যৌথবাহিনীর অভিযান পরিচালনার কারণে মূলত পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই গত মঙ্গলবার থেকে দুই উপজেলা ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হচ্ছে।
বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় বগালেক, কেউক্রাডং, তাজিংডং, তিনাপ সাইতার, রিঝুক ঝর্না, দেবতা কুমসহ রয়েছে অসংখ্য পর্যটন স্পট। এসব পর্যটন স্পটে প্রতিদিন শত শত পর্যটক ভ্রমনে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় গমন করে। সম্প্রতি এই দুই উপজেলার গহীন জঙ্গলে জঙ্গি গোষ্ঠির অবস্থানের খবর পেয়ে বেশ কিছুদিন ধরে রুমা ও রোয়াংছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় অভিযানে নামে যৌথবাহিনী। তাদের অভিযান পরিচালনার সময় যেন পর্যটকদের কোনো বিরূপ পরিস্থিতিতে পড়তে না হয় সেজন্য তাদের ওপর এই নিষেধজ্ঞা দেয়া হয়েছে। তবে হঠাৎ করে নিষেধাজ্ঞার কারণে বিপাকে পড়েছেন দূর-দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকরা।
ঘুরতে আসা কয়েকজন পর্যটক বলেন, আমরা জানতাম না রুমা ও রোয়াংছড়িতে ভ্রমণে যাওয়া যাবে না। আগে জানলে আমরা বান্দরবান না এসে অন্য কোথাও যেতাম। অনেক আশা করে বন্ধুদের নিয়ে দেবতাকুম ও বগালেক ঘুরার জন্য এসেছি। কিন্তু যাওয়া হলো না। এদিকে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা বলছেন, পর্যটকদের নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে এই আদেশ দেয়া হয়েছে। কিন্তু পর্যটক না এলে আমরা বেকার হয়ে পড়বো। চলতে কষ্ট হবে। তবে তাদের সাময়িক অসুবিধা হলেও সময় উপযোগী উদ্যোগ মেনে নিয়েছেন তারা।
এদিকে, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সময়ে দুই উপজেলায় ভ্রমণে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে জানান বান্দরবান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নকিবুল ইসলাম।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলি বলেন, কিছু দিন ধরে পাহাড়ে আইন শৃঙ্খলা বাহিনীর জঙ্গি বিরোধী অভিযান চলছে। সে কারণে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে পর্যটকসহ সবাইকে ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। রোয়াংছড়ি উপজেলা নির্বাহি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী বলেন, গত ১৮ অক্টোবর থেকে নিরাপত্তার স্বার্থে রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণে সাময়িক নিরুৎসাহিত করা হচ্ছে।
উল্লেখ্য, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় বগালেক, কেউক্রাডং, তাজিংডং, তিনাপ সাইতার, রিঝুক ঝর্না, দেবতা কুমসহ রয়েছে অসংখ্য পর্যটন স্পট। প্রতিদিন শত শত পর্যটক এসব দর্শণীয় স্থান ভ্রমণে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় গমন করে।









