শহর কিংবা গ্রামে সর্বত্রই টাকা পাঠানোর সুবিধা থাকায় অর্থ লেনদেনে জনপ্রিয় হয়ে উঠেছে মোবাইল ব্যাংকিং। চলতি বছরের জুলাই মাসে রেকর্ড ৬৩ হাজার কোটি টাকার লেনদেন হয়েছিল। কিন্তু আগস্টে ব্যাপক হারে লেনদেন কমে নেমে এসেছে ৪১ হাজার ৪০৩ কোটি টাকায়। যা আগের মাসের চেয়ে ৩৪ শতাংশ কম।
বাংলাদেশ ব্যাংকের মোবাইল আর্থিক সেবার (এমএফএস) আগস্ট মাসের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, টানা তিন মাস একবারও লেনদেন করেনি এমন হিসাবকে নিষ্ক্রিয় হিসাব বলে গণ্য করে থাকে এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। তথ্যানুযায়ী, আগস্টে এমএফএস সেবার লেনদেনের সঙ্গে সেবায় সক্রিয় গ্রাহকসংখ্যা কমেছে ৪ দশমিক ৯ শতাংশ।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, এমএফএস এ গেল আগস্টে মোট ২৬ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ৮৭৫টি লেনদেনের মাধ্যমে ৪১ হাজার ৪০৩ কোটি টাকার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে এক হাজার ৩৩৫ কোটি ৬১ লাখ টাকা। যা আগের মাসের চেয়ে ৩৪ দশমিক ৩ শতাংশ কম। জুলাইয়ে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল দুই হাজার ৩২ কোটি ২৪ লাখ টাকা। যা ছিল এ যাবৎকালের সর্বোচ্চ লেনদেন।
এদিকে করোনাভাইরাসের এ দুর্যোগকালীন সময়ে গ্রাহকের কাছে মোবাইলের লেনদেন আরও জনপ্রিয় করতে বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এমএফএস লেনদেনের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, মোবাইল ব্যাংকিংয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও ওষুধ ক্রয়ের কোনো ধরনের চার্জ না কাটার নির্দেশ দেয়া হয়েছে। ব্যক্তি হতে ব্যক্তি লেনদেনে (যেকোনো চ্যানেলে) এ নির্দেশনা মানতে হবে। একইসঙ্গে লেনদেন সীমা ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। এছাড়া দৈনিক এক হাজার টাকা ক্যাশ আউট সম্পূর্ণ চার্জবিহীন রাখতে বলা হয়েছে।
আনন্দবাজার/ইউএসএস









