বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস চীন ইচ্ছাকৃতভাবে তৈরি করে ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠে এসেছে। তবে এমন অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন ভারতে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র জি রং। করোনাভাইরাসকে 'চাইনিজ ভাইরাস' বা 'উহান ভাইরাস' সম্বোধনেও তীব্র আপত্তি জানালেন তিনি।
জি রং বলেন, বিশ্বের উচিত চীনের মানুষজনকে দোষারোপ না করে মহামারির বিরুদ্ধে লড়তে দ্রুত ব্যবস্থা নেয়া। তিনি আরও বলেন, যেসব লোকজন চীনের নামকে কলুষিত করার চেষ্টা করছেন তারা বোধহয় ভুলে যাচ্ছেন যে বিশ্ব স্বাস্থ্য সুরক্ষায় এবং মানবজাতির কল্যাণে বরাবরই চীনের মানুষ বিশাল ত্যাগ স্বীকার করেছেন।
চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, চীনের উহান প্রদেশের মানুষ করোনাভাইরাসে ব্যাপকভাবে আক্রান্ত হলেও চীনই যে এই মারণ ভাইরাসের উৎসকেন্দ্র তা কিন্তু প্রমাণ হয়নি। চীন এই ভাইরাসটি মোটেই তৈরি করেনি এবং ইচ্ছাকৃতভাবে এর সংক্রমণও ঘটায়নি। তাই করোনাকে 'চীনা ভাইরাস' নামে ডাকা একেবারেই ভুল।
আনন্দবাজার/ টি এস পি









