মুসলমানদের পুণ্যভূমি খ্যাত সৌদি আরবের মদিনায় মডেলদের খোলামেলা ছবি তোলা নিয়ে শুরু হয়েছে বিতর্কের ঝড়। যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ভোগ-অ্যারাবিয়া’ নামের একটি ম্যাগাজিনে গত ৮ জুলাই প্রকাশিত ছবি নিয়ে শুরু হয়েছে এই বিতর্ক।
মদিনা শহর থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে ছিল ফটোশুটের স্থানটি। তাই মুসলমানদের পবিত্র স্থান হিসেবে গণ্য মদিনায় এমন খোলামেলা ছবি দেশটির মুসলমানদের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি করেছে।
ওই ফটোশুটে অংশ নেওয়া মডেলরা হলেন কেট মস, মার্সিয়া কার্লা বসকোনো, ক্যানডিস সোয়েনপোল, জর্ডান ডান, জিয়াও ওয়েন এবং ওঅ্যালেক ওয়েকসহ আরও প্রখ্যাত মডেল। লেবাননীয় ডিজাইনার এলি মিজরাহি এই ফটোশুটের আয়োজন করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুপার মডেলদের খোলামেলা এবং আঁটসাঁট পোশাকে দেখা গেছে ‘আল-উলায় ২৪ ঘণ্টা’ নামের ওই ফটোশুটে।
তেলনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে বের হয়ে ভবিষ্যৎ অর্থনীতির চাকাকে সচল রাখতে পর্যটন শিল্পের ওপর নজর দিচ্ছে সৌদি রাজপরিবার। তাই দেশের পর্যটনকেন্দ্রগুলোকে জনপ্রিয় করতেই এই ফটোশুটের আয়োজন করা হয়।
ঘটনার সমালোচনা করে টুইটারে একজন সৌদি নাগরিক লিখেছেন, সৌদি আরব প্রশাসন নারীদের গাড়ি চালানোর স্বাধীনতা দেয় না, অথচ এরকম খোলামেলা ছবি তোলার আয়োজন করেছে।
আনন্দবাজার/ডব্লিউ এস









