ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে টানা পাঁচ পাঁচ বার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটে নির্বাচিত হয়েও লজ্জিত সংরক্ষিত নারী ইউপি সদস্য তুফানশ্বরী রায়। এবারে তিনি একবারের জন্য চান প্রধানমন্ত্রীর স্বাক্ষাৎ। গণমাধ্যমের মাধ্যমে মৃত্যুর আগে এটিই তার শেষ চাওয়া বলে দাবি করেছেন জেলার সীমান্তবর্তী উপজেলার বাচোর ইউনিয়নের এ নারী সদস্য। তবে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কি বলতে চান তা খোলসা করেননি।
নারী সদস্য তুফানশ্বরী রায় বলেন, জনগণ আমাকে বারবার নির্বাচিত করে ঠিকই কিন্তু জনগণের কাঙ্খিত কোনো প্রত্যাশায় আমি তেমন পূরণ করতে পারিনা। আমি নির্বাচন করতে চাইনা জনগণ আমাকে নির্বাচনে বারবার অংশগ্রহণ করতে চাপ দেন। তাদের বিশ্বাস আমি তাদের সহায়ক হবো। তবে, সত্যি কথা বলতে আমি তাদের প্রত্যাশার চাওয়া পাওয়া পূররণ করতে পারিনি। তিনি আরও বলেন, পরিষদের বয়স যতদিন ততদিন থেকেই আমি নির্বাচিত হয়ে সদস্যের আসনে রয়েছি। এখনো আমি শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিৎ করতে পারিনি। আংশিক করেছি মাত্র। এর জন্য নিজের জমিও বিক্রি করতে হয়েছে। তাতেও আমার দুঃখ নেই। তবে কিছু আক্ষেপ আমার রয়েছে যা আমি প্রধানমন্ত্রীকেই বলতে চাই।
তিনি বলেন আমি যেহেতু নারী, প্রধানমন্ত্রীও নারী। আমি আশা করি তিনি আমার কথাগুলো বুঝবেন। আমি মৃত্যুর আগে একবার তার সাথে দেখা করতে চাই। তিনি যেন একবার আমার কথা শোনেন। এ নারী ইউপি সদস্যের বাড়িতে গিয়ে দেখা যায় তার সাদামাটা জীবন যাপন। যে বাড়িটিতে তিনি থাকেন সেটিতে বর্ষার মেঘের পানি বিছানায় গড়ায়। ঘর থেকে আকাশ দেখা যায়। একটি ভাঙ্গা চৌকিতে ঘুমান। ঘরের আড়া ও টিনের বেড়ার দেয়ালে সূর্যের আলোর রশ্মি থেকে রেহায় পেতে ব্যবহার করেন এক টুকরো চট।
স্থানীয় জয়নাল আবেদিন বলেন, সারাটা জীবন তিনি জনগণ জনগণ করে জীবন পার করে দিচ্ছেন। নিজের সবটুকু দিয়ে জনগণকে আগলে ধরেছেন। যখন হতাশাগ্রস্থ হয়ে পড়েন তখন প্রায় বলতে শুনি তিনি প্রধানমন্ত্রীর কাছে যাবেন। কিছু একটা বলতে চান প্রধানমন্ত্রীকে যা আমরা কোনদিন জানতে পারিনি। আমরা সকলে চাই এমন সৎ একজন নারী নেত্রীর কাছে যাক। তার কি বলার আছে বলুক। তিনি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারলে আমরা সকলে অনেক খুশী হবো।
বাচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতেন চন্দ্র বর্মন বলেন, পাঁচবারের নির্বাচিত নারী ইউপি সদস্য তুফানশ্বরী রায় তিনটি ওয়ার্ডের জনগণের একটি আস্থার নাম। পাঁচবার নির্বাচিত হয়েছেন এভার তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান। তার সাথে প্রধানমন্ত্রী দেখা করলে সে অনুপ্রাণিত হবে।









