চীনের সিচুয়ান প্রদেশের ব্যস্ত সড়কে গাড়ির ছাদে বসে রয়েছে একটি কালো কুকুর। গাড়ি জোরে চললে কুকুরটি নিচেও পড়ে যেতে পারে। অথবা লাফ দিয়ে পড়ে যেতে পারে ব্যস্ত রাস্তায়। ঘটতে পারে অঘটন। কিন্তু তেমন কিছু ঘটেনি। বৃটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এমনটাই জানিয়েছে।
এমন বিপজ্জনকভাবে রাস্তায় গাড়িতে করে কুকুর নিয়ে যাওয়ার ঘটনা চোখে পড়ে পথচারীদের। তারপর পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ গাড়িটিকে আটক করে। কুকুরকে গাড়ির ছাদে বসিয়ে নিয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করা হলে কুকুরের মালিক বলেন, গাড়িতে প্রচুর জিনিস থাকায় কুকুরটিকে ছাদে বসিয়ে বেরিয়েছেন। পশু চিকিৎসকের কাছে কুকুরটিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
কুকুরটি ছাদ থেকে পড়ে গেলে অঘটন ঘটতে পারত- পুলিশের এমন কথার উত্তরে তিনি বলেন, কুকুরটি প্রশিক্ষণপ্রাপ্ত। কাজেই পড়ে যাওয়ার কোনও সম্ভাবনা ছিল না। তবে পোষা কুকুরের জন্য ঝুঁকিপূর্ণ এই কাজটি করা তার উচিত হয়নি বলে অনুতাপ প্রকাশ করেন ওই কুকুরের মালিক।
সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত কুকুরের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। তবে কুকুর নিয়ে এভাবে রাস্তায় বের হওয়ায় ওই ব্যক্তির কোনও শাস্তি বা জরিমানা হয়েছে কিনা, তা জানা যায়নি।
আনন্দবাজার/এফআইবি








