যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় স্যালি। এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ৫ লাখের বেশি মানুষ। ঘূর্ণিঝড় স্যালির প্রভাবে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সকালে ক্যাটাগরি-২ মাত্রার শক্তি নিয়ে গ্রীষ্মমন্ডলীয় উপসাগরীয় উপকূলে আছড়ে পড়ে এই ঝড়। তবে আঘাত হানার পরপরই এর শক্তি কিছুটা কমে যায়।
এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ফ্লোরিডার পেনসাকোলায়। পেনসাকোলার দমকল বাহিনীর প্রধান গিনি ক্রেনর জানিয়েছেন, এখানে চার মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হয়, এই ঘূর্ণিঝড়ে চার ঘণ্টাতেই সেই পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।
স্থানীয় আবহাওয়া অফিস জানান, স্যালি ঘণ্টায় ১০৫ মাইল বা ১৬৯ কিলোমিটার গতিতে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর-মধ্যাঞ্চলের উপসাগরীয় উপকূলে বন্যা হতে পারে বলে আগেই সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার।
আনন্দবাজার/টি এস পি








