নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অর্থনৈতিক ধস মোকাবেলায় ঘোষিত বিশেষ প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে এক বছর মেয়াদি বিশেষ রেপো চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যবস্থায় বিধিবদ্ধ জমা হারের (এসএলআর) অতিরিক্ত ট্রেজারি বিল ও বন্ড বাংলাদেশ ব্যাংকে জামানত রেখে তহবিল নিতে পারবে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো।
বিদ্যমান রেপোর সুদহারের উপর ভিত্তি করে বিশেষ রেপোর সুদের হার ও পরিমাণ নির্ধারণ করা হবে। বর্তমানে রেপোর সুদহার রয়েছে ৫ দশমিক ২৫ শতাংশ। গত বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।
সংশ্লিষ্টরা জানান, বর্তমানে ১ দিন, ৭ দিন, ১৪ দিন ও ২৮ দিন মেয়াদি রেপো রয়েছে। এক্ষেত্রে ট্রেজারি বিল ও বন্ড কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করে টাকা ধার নিতে পারে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। কিন্তু বিশেষ এ রেপোর আওতায় ট্রেজারি বিল ও বন্ড বন্ধক রেখেই শুধুমাত্র তহবিল নেয়া যাবে। এরপর এই তহবিল প্রণোদনা প্যাকেজের আওতায় ব্যবসায়ীদের চলতি মূলধন হিসেবে ঋণ বিতরণ করতে হবে।
সার্কুলারে উল্লেখ আছে, নভেল করােনাভাইরাস সারাবিশ্বে ছড়িয়ে পড়ায় দেশের অর্থনীতির ওপর এর বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক সম্প্রতি বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এসব প্রণােদনা প্যাকেজসমূহ বাস্তবায়নে মুদ্রা বাজারে তারল্য বাবস্থাপনা ঠিক রাখার লক্ষ্যে ৬০ দিন মেয়াদী বিশেষ রেপাে (পুনঃক্রয় চুক্তি) প্রচলন করা হয়েছে।
এতে বলা হয়েছে, বিদ্যমান রেপাে হারের উপর ভিত্তি করে বাংলাদেশ ব্যাংক ঘােষিত মুদ্রনীতি ও মুদ্রা বাজারের তারল্য পরিস্থিতি বিবেচনায় এ বিশেষ রেপাের সুদের হার ও পরিমাণ অকশন কমিটি কর্তৃক প্রতি অকশনে নির্ধারিত হবে এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
আনন্দবাজার/তা.তা








