অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ‘ফ্লো অব এক্সটার্নাল রিসোর্সেস ইন্টো বাংলাদেশ’ নামে বিশেষ গ্রন্থ প্রকাশ করেছে। প্রতিবছর বইটি প্রকাশিত হচ্ছে। তবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২১ সালে এটির ‘বিশেষ সংখ্যা’ প্রকাশ করা হয়েছে।
গতকাল রবিবার অর্থমন্ত্রী তাঁর দপ্তরে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবসহ অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
এই প্রকাশনাটিতে স্বাধীনতা পরবর্তী সময় হতে ৩০ জুন ২০২১ খ্রিঃ পর্যন্ত বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বৈদেশিক অর্থায়ন ও এর পরিশোধসহ সংশ্লিষ্ট সকল তথ্য-উপাত্ত সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয়েছে। সংখ্যাটিতে বর্তমান কাঠামোর সাথে স্বাধীনতা পরবর্তী ৫০ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ/সংস্থার ভূমিকা, গৃহীত বৈদেশিক সহায়তার মূল্যায়ন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও কর্মপদ্ধতি বিষয়ে বৈদেশিক অর্থায়নের সাথে সংশ্লিষ্ট ও অভিজ্ঞ বিশিষ্ট ব্যক্তিবর্গের লিখিত নিবন্ধ অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশনাটির সূচনাতেই বৈদেশিক সাহায্য ব্যবস্থাপনার উদ্দেশ্য, গতি-প্রকৃতি, বৈদেশিক ঋণের বর্তমান অবস্থা ও ঋণসংক্রান্ত ঝুঁকি বিশ্লেষণসহ বৈদেশিক সহায়তা ও ঋণ ব্যবস্থাপনার উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ উপস্থাপন করা হয়েছে।
তা ছাড়া সরকারের বাইরে রাষ্ট্রীয় মালিকানাধীন সকল প্রতিষ্ঠান কর্তৃক রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত বৈদেশিক ঋণের তথ্য এবং সামষ্টিক অর্থনৈতিক সূচকসমূহের তুলনায় বৈদেশিক ঋণের অবস্থার চিত্র সন্নিবেশ করা হয়েছে।
এই প্রকাশনাটির তথ্যাবলিসমূহ ব্যবহার করে শিক্ষানুরাগী, গবেষক, সরকারের নীতি-নির্ধারক ও উন্নয়ন সহযোগীগণ উপকৃত হবে বলে আশা করা যায়। গ্রন্থটির ইলেকট্রনিক কপি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে।









