সম্প্রতি ডাকঘর সঞ্চয় স্কিমের সাধারণ এবং মেয়াদি আমানতের সুদের হার আগের অবস্থানে ফিরে এসেছে। এই ব্যাপারে গতকাল সোমবার (১৬ মার্চ) স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন আজ মঙ্গলবার জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এবং আজ থেকেই এটি কার্যকর করা হয়েছে।
সংশোধিত সেই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ডাকঘর সঞ্চয় স্কিমের সাধারণ হিসাবের ক্ষেত্রে সুদহার করা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। এছাড়া তিন বছর মেয়াদি ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার করা হয়েছে ১১ দশমিক ২৮ শতাংশ। তবে মেয়াদ পূর্তির আগে ভাঙানোর ক্ষেত্রে এক বছরের জন্য সুদ পাওয়া যাবে ১০ দশমিক ২০ শতাংশ। দুই বছরের ক্ষেত্রে ১০ দশমিক ৭০ শতাংশ। এবং প্রজ্ঞাপনটি ১৭ মার্চ থেকে কার্যকর হবে।
আরও পড়ুন : কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় প্রবাসীকে জরিমানা
ডাকঘরের সঞ্চয় স্কিমে সুদহার অর্ধেক করায় সংসদের ভেতর এবং বাইরে ব্যাপক সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হারের ব্যাপারটি পুনর্বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন অর্থমন্ত্রী।
গত ১১ মার্চ কালো টাকা এবং অতিরিক্ত বিনিয়োগ বন্ধে ডাকঘর সঞ্চয় ব্যাংকে অনলাইন (অটোমেশন) পদ্ধতি উদ্বোধন করেন অর্থমন্ত্রী এবং সেই সাথে সেদিন অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ এর এ নতুন মডিউলটি উদ্বোধন করা হয়।
আনন্দবাজার/ এইচ এস কে









