মহামারি করোনাভাইরাস নিয়ে শুধু চীনই নয় গোটা বিশ্ব এখন আতঙ্কিত। মরনঘাতি ভাইরাসটির বিস্তার ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশ নানামুখী পদক্ষেপ নিলেও সুখবর পাওয়া গেল মাত্র একটা। জানা যায়, চীনের উত্তরপূর্বাঞ্চলীয় হেইলংশিয়াং প্রদশের রাজধানী হারবিনের এক হাসপাতালে সুস্থ সন্তান প্রসব করেছেন করোনাভাইরাস আক্রান্ত এক মা।
আজ সোমবার চীনের জাতীয় দৈনিক চায়না ডেইলির অনলাইন প্রতিবেদন অনুযায়ী হারবিন নগর স্বাস্থ্য কমিশন জানায়, নবেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি এক অন্তঃসত্ত্বা নারী হারবিনের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে বিশেষজ্ঞ একদল চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি এক সুস্থ সন্তান প্রসব করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যানুসারে, গত ৩০ জানুয়ারি করোনাভাইরাস আক্রান্ত ওই নারী সন্তান প্রসব করেন। নবজাতকটি এখন সম্পূর্ণ স্বাভাবিক। তার ওজন ৩ কেজির কিছু বেশি। জন্ম নেয়ার পর শিশু বাচ্চাটির আপগার স্কোর ছিল দশ। পরে নির্জনে রেখে বেশ কয়েদিন নবজাতক ও তার মায়ের শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণে দুজনই এখন সুস্থ আছে।
এছাড়া দুইবার পরীক্ষা করার পরও নবজাতকের শরীরে করোনাভাইরাসের কোনো উপস্থিতি ধরা পড়েনি।
আনন্দবাজার/শাহী









