নওগাঁর বদলগাছীতে লেবু এখন কৃষকের কাছে স্বপ্নের ফসল, ভাগ্য পরিবর্তনের ফসল। অধিক লাভজনক হওয়ায় লেবু এখন এখানকার অর্থকরী ফসল হিসেবে পরিচিত পেয়েছে। ফলে এই উপজেলার শত শত কৃষকের ভাগ্যের চাকা ঘুরেছে লেবু চাষ করে।
অন্যান্য বছরের তুলনায় লেবুচাষিরা এবার লাভবান হচ্ছে তিন গুণ বেশি। চলতি মৌসুমে করোনাভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়ায় ভিটামিন 'সি'-সমৃদ্ধ ফল লেবুর চাহিদা বেড়ে যায় সারা দেশে। মূল্য বেড়ে যাওয়ায় লাভবান হচ্ছেন চাষিরা।
একটি লেবু ১৪ থেকে ১৫ টাকায় বিক্রি হয়েছে চলতি মৌসুমে। তবে পবিত্র রমজান মাসে লেবুর দাম কিছুটা ওঠানামা করছে।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে জানা যায়, প্রথমে উপজেলার কয়েকটি এলাকার দুই থেকে তিন জন কৃষক লেবু চাষ শুরু। পরে তাদের কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে ব্যাপকভাবে আধাইপুর ইউনিয়নে লেবু চাষ শুরু হয়। এই ইউনিয়নের পারিচা ব্যাসপুর, বৈকুণ্ঠপুর, কার্তিকাহার, পাথরাবাড়ী গ্রাম এলাকায় কৃষকদের এখন প্রধান ক্ষেত হচ্ছে লেবু চাষ।
পারিচা গ্রামের লেবুচাষি এনামুল বলেন, তার নিজস্ব জমি নেই। অন্যের জমি বর্গা নিয়ে ১০ কাঠা জমিতে লেবু চাষ শুরু করে প্রায় ৫ বছর পূর্বে। এখন তার কোনো অভাব নেই। একদিনে ৯টি গাছে গড়ে ৮ হাজার টাকার লেবু বিক্রি করেছে। অধিক লাভজনক হওয়ায় লেবু চাষ করে খুশি এলাকার কৃষকরা।
আনন্দবাজার/শহক









