জমজমাট ফুলের বাজার
প্রকাশ:

বিস্তারিত
আসছে ১৪ ফেব্রুয়ারি; বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্তবরণ উৎসব। আবার ২১ ফেব্রুয়ারি আরও গুরুত্বপূর্ণ একটি দিন; আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সবকিছু মিলিয়ে সরগরম ফুলের বাজার।
দিবসগুলোয় ফুলের চাহিদা ব্যাপক হওয়ায় ফুলের বাণিজ্যিক সরবরাহ ইতোমধ্যেই বেড়ে গেছে। সাথে বেড়েছে ব্যস্ততাও।
বড় ধরনের এই চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছে সাভারের বিরুলিয়ার ফুলচাষি সহ ব্যবসায়ীরা। তাই সকাল-সন্ধ্যা নিরলস কাজ করে যাচ্ছেন তারা।
দিবসগুলো আসতে আর মাত্র কয়েকদিন বাকি থাকায় এখানের ফুলচাষিদের বাগানের ব্যস্ততা শেষে সন্ধ্যা নামলেই ব্যবসায়ীরা রীতিমত হৈচৈ ফেলে দিচ্ছেন ফুলের বাজারে।
দেখা যায়, সারাদিন গোলাপ বাগান থেকে ফুল তোলা শেষে সন্ধ্যার দিকে চাষিরা ঝাঁকি ভর্তি করে ফুল নিয়ে মোস্তাপাড়া ও স্যামপুর ফুল বাজারে ভিড় জমাচ্ছেন। আর পাইকাররা বিকেল থেকে ফুল মার্কেটে আসা শুরু করেন। বেচা-বিক্রি শুরু হয় সন্ধ্যার পর থেকে। চাষিরা নিজ নিজ ফুলের দাম ধরছেন আর পাইকাররা তা টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন।
ব্যবসায়ী ও চাষিদের সাথে কথা বলে জানা গেছে, এ বছরে এ অঞ্চলের ফুলচাষিরা কমপক্ষে দুই থেকে তিন কোটি টাকার ফুল বিক্রির টার্গেট করেছেন। প্রতি পিস গোলাপ ফুল ১০ থেকে ১৫ টাকা ও মাম ফুল পাঁচ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও জিপসি ফুল ৫০০ টাকা আঁটি, ১০০ গ্লাডিওলাস রঙভেদে ১২০০ থেকে ১৩০০ টাকা, এক আঁটি কেলেন্ডার ৭০০ টাকা, জারবেরা ২০ থেকে ২৫ টাকা পিস করে বিক্রি হচ্ছে।
সাভার উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহম্মেদ বলেন, এবছর গোলাপ ফুলে কোনো রকম পোকামাকড় আক্রমণ করেনি। তাই চাষিরা ভালো বিক্রি করতে পারছেন এবং দামও পাচ্ছেন ভালো।
আনন্দবাজার/তাঅ








