প্রানঘাতী করোনা ভাইরাস এর এমন পরিস্থিতির মধ্যেই ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় আক্রমণ চালিয়েছে বিশাল এক ঝাঁক পঙ্গপাল। ব্যাপকভাবে ফসল ধ্বংস করার ক্ষমতা রাখে ছোট আকারের এই পোকার বিশাল বাহিনী। পশ্চিম ভারতের ৫০ হাজার হেক্টরের বেশি মরু এলাকায় ২৪টিরও বেশি জেলায় আক্রমণ চালিয়েছে এই পঙ্গপাল বাহিনী। এই বাহিনীর আক্রমণের সবচেয়ে বড় শিকার হয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ ও গুজরাট।
গত ফেব্রুয়ারিতে পঙ্গপাল মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছিল পাকিস্তান। দেশটিতে পোকাটির এমন তাণ্ডব আর দেখা যায়নি গত তিন দশকেও। ইসলামাবাদ জানিয়েছে, এবার আক্রমণ চালানো পঙ্গপাল রেকর্ড সংখ্যক। এই মরু পঙ্গপাল বাহিনী ফসল ব্যাপকভাবে ধ্বংস করে ফেলছে। ফলে বেড়েই চলেছে খাদ্যের দাম।
পাকিস্তানের প্রায় ৩৮ শতাংশ এলাকাজুড়ে রয়েছে বেলুচিস্তান, সিন্ধ ও পাঞ্জাব প্রদেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) একটি প্রতিবেদন জানায়, ওই এলাকাই এই প্রজাতির পঙ্গপালের ‘বংশবৃদ্ধির মূল ক্ষেত্র।’
গত কয়েক বছর ধরেই দুই পারমাণবিক শক্তিধর বৈরি দেশের মধ্যে সম্পর্ক শীতল রয়েছে। বিশেষ করে কাশ্মিরের রাজ্যের মর্যাদা বাতিল করে অঞ্চলটিতে মোদি সরকারের ব্যাপক ধরপাকড় ও অব্যাহত নিপীড়নে দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি দৃশ্যমান হয়। তারপরও এই অভিবাসী পঙ্গপালের হামলা মোকাবেলায় দুই দেশ একযোগে কাজ করছে।
আনন্দবাজার/এস.কে









