ভারতে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে আরআরটিএস ট্রেন। গতকাল শুক্রবার এই ট্রেনের প্রথম লুক প্রকাশ্যে আনেন ভারতের কেন্দ্রীয় সচিব দুর্গা শঙ্কর মিশ্র। প্রথম পর্যায়ে এই ট্রেনের জন্য বেছে নেওয়া হয়েছে তিনটি রুট। তার মধ্যে অন্যতম দিল্লি-গাজিয়াবাদ-মীরট।
ট্রেনের ছবি প্রকাশ করে ভারতের কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রণালয় জানায়, ৮২ কিলোমিটার লম্বা রুটে ১৮২ কিলোমিটার প্রতি ঘণ্টায় চলাচল করবে ট্রেনটি।
এনসিআরটিসি জানিয়েছে, ভারতে এ ধরনের ট্রেন এই প্রথম চলতে যাচ্ছে। এতে থাকবে আলো ও তাপমাত্রার কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ প্রয়োজনে আলো ও উত্তাপ কমানো বা বাড়ানো যাবে।
বর্তমানে সড়কপথে তিন-চার ঘণ্টা সময় ব্যয় হয় দিল্লি থেকে মীরট যেতে। এই ট্রেনে করে এক ঘণ্টারও কম সময়ে এই রুটে পৌঁছে যাওয়া যাবে। ট্রেনের বাইরের দিকটি তৈরি করা হয়েছে স্টেইনলেস স্টিলে। এই ট্রেন ওজনে হালকা এবং পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত।
ট্রেনটিতে একটি কামরা থাকবে নারীদের জন্য সংরক্ষিত। প্রতি কামরায় থাকবে দু'পাশে তিনটি করে দরজা। বিজনেস ক্লাসের ক্ষেত্রে কামরায় দু'দিকে দুটি করে দরজা। আরামদায়ক বসার জায়গার সঙ্গে মোবাইল ফোন, ল্যাপটপ চার্জ করার জায়গা, ওয়াইফাইসহ একাধিক সুবিধা থাকবে এতে। ২০২৫ সালে সর্ব-সাধারণের জন্য এই রুটে ট্রেনটি চালু হওয়ার কথা রয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস









