বাগেরহাটের মোল্লাহাট এলাকায় একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগের মাধ্যমে ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত বুধবার (১ জানুয়ারি) গভীর রাতে উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় শহিদুল্লাহ ও রহিম মিয়া বাদশার তিন একর আয়তনের যৌথ ঘেরে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে।
বিষক্রিয়ায় ঘেরের বিপুল পরিমাণ রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া ও চিংড়ি মাছ মরে ভেসে উঠেছে। এ ঘটনায় শহিদুল্লাহ নিজে বাদী হয়ে মোল্লারহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ঘেরের কর্মচারী আবু হানিফ জানান, রাতে ঘেরের বাসায় ছিলাম। ফজরের আজানের কিছুক্ষণ আগে টের পাই মাছগুলো লাফাচ্ছে। মাছের কোনো সমস্যা হয়েছে বুঝতে পেরে সাথে সাথে মালিককে মুঠোফোনে বিষয়টি জানাই। এর কয়েক ঘণ্টা পরই মাছের লাফালাফি বন্ধ হয়ে যায় এবং সব মাছ মারা যায়।
প্রতিবেশী জাফর মোল্লা বলেন, আমাদের এই অঞ্চলের বেশিরভাগ মানুষ মাছ চাষ করে তাদের জীবিকা নির্বাহ করেন। অনেক টাকা বিনিয়োগ এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় মাছগুলো বিক্রির উপযোগী করে তুলতে। কিন্তু দুর্বৃত্তদের বিষে কয়েক চোখের পলকেই মাছগুলো মরে গেল শহিদুল্লাহর ঘেরের। এভাবে চলতে থাকলে মাছ চাষ বন্ধ করে দেয়া ছাড়া কোনো উপায় থাকবে না।
ক্ষতিগ্রস্ত মাছচাষি শহিদুল্লাহ আরও বলেন, আড়ুয়াকান্দি মৌজায় একটি অব্যবহৃত জমি লিজ নিয়ে রহিম মিয়া বাদশাকে সঙ্গে নিয়ে মাছ চাষ শুরু করি। ঘেরে বিষ প্রয়োগ করে আমার প্রায় ২০ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে।যারা আমার এত কষ্টের ফসল নষ্ট করেছে, আমি তাদের বিচার চাই।
আনন্দবাজার/তা.অ









