গ্রামের কাছের পাহাড়ের ঢল থেকে পাওয়া পানি গ্রামের শুষ্ক জমিতে পৌঁছে দিতে এক ব্যক্তি একাই তিন কিলোমিটার খাল কেটেছেন। এতে ওই ব্যক্তির সময় লেগেছে ৩০ বছর ধরে। ওই ব্যক্তিটি ভারতের বিহারের গয়া জেলার লাহথুয়া এলাকার কোঠিলাওয়া গ্রামের বাসিন্দা লাউঙ্গি ভূঁইয়া।
এ ব্যাপারে লাউঙ্গি বলেন, এই খাল কাটতে আমার লেগেছে ৩০ বছর, যা গ্রামের একটি পুকুরে পানি পৌঁছে দেবে। তিনি জানান, গত ৩০টি বছর ধরে কাছের একটি জঙ্গলে নিজের গবাদি পশু ছেড়ে দিয়ে খাল কেটেছেন।
লাউঙ্গি বলেন, এই কাজে আমার সঙ্গে কেউ ছিল না। জীবিকা অর্জনের জন্য গ্রামবাসীদের অনেকে শহরে গেছে কিন্তু আমি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।
বর্ষাকালে পাহাড়ি ঢল থেকে পানি কাছের একটি নদীতে প্রবেশ করে এবং তা উপচে পড়ে। তা দেখে খারাপ লাগতো ওই প্রবীণের। তাই তিনি পাহাড়ি ঢলের পানি কাজে লাগানোর সিদ্ধান্ত নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ৩০ বছর ধরে খাল কাটছেন তিনি। তাও একা হাতে। এটা অগণিত প্রাণীর উপকার করবে এবং ক্ষেতে সেচও হবে। তিনি তার নিজের সুবিধার জন্য নয়, পুরো এলাকার জন্য এটা করেছেন।
আনন্দবাজার/টি এস পি









