কাগজের নোটের মাধ্যমে করোনা ছড়াতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
কেননা কাগজের নোটগুলো একজনের হাত থেকে অন্যজনের হাতে যাচ্ছে। ফলে এর মাধ্যমে সহজেই করোনা ছড়ানোর আশঙ্কা রয়েছে। জানা যায়, পুরনো নোট, বিশেষ করে হাসপাতাল ও বাজারে ব্যবহৃত নোটগুলো বেশি ঝুঁকিপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, নোংরা নোটের ব্যবহার এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে করোনা সহজেই ছড়িয়ে পড়তে পারে।
সোমবার (২ মার্চ) রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা এক বিবৃতিতে জানায়, টাকা দিয়ে লেনদেন করার পর ভালোভাবে হাত ধোয়া উচিত। নাহলে হাতে লেগে থাকা জীবাণু সহজেই আরেক ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে।
দ্য টেলিগ্রাফের তথ্যমতে জানা যায়, কাগজের নোটের পরিবর্তে স্পর্শবিহীন ডিজিটাল লেনদেনে গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এরইমধ্যে করোনা ঠেকাতে গেল মাস থেকে চীন ও দক্ষিণ কোরিয়া তাদের জনগণকে নগদ লেনদেন হতে বিরত থাকতে বলেছে।
নোট থেকে যেভাবে ছড়াতে পারে করোনাভাইরাস:
কাগজের নোটগুলি সাধারণবশতই একজনের হাত থেকে অন্যজনের হাতে যায়। সেই নোটগুলি স্পর্শ করার সাথে সাথে সেগুলোতে থাকা ব্যাকটেরিয়া, জীবাণু এবং এমনকি ভাইরাসগুলি এক হাত থেকে অন্য হাতে চলে যেতে পারে। এছাড়া সংক্রামক করোনা ছড়ানোর জন্য খুবই উপযোগী একটি মাধ্যম কাগজের নোট।
আনন্দবাজার/শাহী









