অন্যান্য বছরের তুলনায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় এবছর কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। সপ্তাহ খানেকের মধ্যে পাকতে শুরু করবে এই ফল। তবে করোনায় কাঁঠালের দাম নিয়ে হতাশ বাগানের মালিকরা।
জানা যায়, শ্রীপুরে বেশ কিছু কাঁঠালের বাগান রয়েছে। যেখানে সারি সারি ঝুলছে কাঁঠাল। ইতোমধ্যে কাঁঠাল বাগান কিনতে বেপারিদের দৌঁড়ঝাপ শুরু হয়েছে।
শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকার বাগান মালিক সামসুদ্দিন জানান, তার একটি বাগানে ৯০টি কাঁঠাল গাছ রয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও প্রত্যেকটি গাছে প্রচুর কাঁঠাল ধরেছে। বর্তমানে বাগানের দাম হচ্ছে ১ থেকে দেড় লাখ টাকা।
একই গ্রামের কাঁঠাল বাগান মালিক রেজাউল বলেন, তার কাঁঠালের দুটি বাগান রয়েছে। প্রতি বছর তিনি প্রায় ৩ লাখ টাকার কাঁঠাল বাগান বিক্রি করেন। ফলন ভালো হওয়ায় এবার গত বছরের চেয়ে বেশি দাম পাওয়ার আশা করছেন তিনি।
শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের আরেক বাগান মালিক সিদ্দিক জানান, গত বছরের তুলনায় এ বছর বাগানে অনেক বেশি কাঁঠাল ধরেছে। তিনি প্রতি বছর প্রায় ২ লাখ টাকার কাঁঠাল বাগান বিক্রি করেন।
এদিকে আনসার টেপিরবাড়ী এলাকার কাঁঠাল বাগান মালিক অ্যাডভোকেট আবুল কাসেম আজাদ জানান, তার বাগানে ১৫০টি কাঁঠাল গাছ রয়েছে। প্রতি বছরই তিনি প্রায় এক থেকে দেড় লক্ষাধিক টাকার কাঁঠাল বিক্রি করেন। এ বছরও ফলন বেশ ভালো হয়েছে। কিন্তু করোনাকালে কাঁঠাল নিয়ে বিপাকে তিনি।
শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কৃষি কর্মকর্তা এএসএম ময়ূীদুল হাসান বলেন, শ্রীপুরে ২ হাজার ৫শ হেক্টর জমিতে কাঁঠাল আবাদ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর কাঁঠালের ফলন বেশ ভালো হয়েছে।
আনন্দবাজার/রনি/মআ








