লিথিয়ামকে বিশেষ কাঁচামালের স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এখন থেকে লিথিয়াম ‘ক্রিটিকাল র ম্যাটেরিয়াল’ হিসেবে বিবেচিত হবে ইইউভুক্ত দেশগুলোয়। মূলত চাহিদা বৃদ্ধির কারণে আগামী দিনগুলোয় আমদানিনির্ভরতায় লাগাম টেনে নিজস্ব উৎস থেকে লিথিয়ামের সরবরাহ বাড়ানোর উদ্দেশ্যে এ উদ্যোগ নিয়েছে ইইউ।
বিশ্বজুড়ে গাড়ি নির্মাণ খাতে রীতিমতো বিপ্লব শুরু হয়েছে। ক্রমাগত বাড়ছে এসব বৈদ্যুতিক গাড়ির চাহিদা। সে কারণেই বেড়ে গেছে গাড়ির ব্যাটারি তৈরিতে ব্যবহার হওয়া কাঁচামাল লিথিয়ামের চাহিদাও। শুধু ইউরোপের গাড়ি তৈরির কারখানাগুলোয় ২০৫০ সাল নাগাদ কাঁচামালটির চাহিদা বর্তমানের তুলনায় ৬০ গুণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ইইউভুক্ত দেশগুলোর সামরিক পণ্য উৎপাদনে ২০৫০ সাল নাগাদ লিথিয়ামের চাহিদা বাড়তে পারে ১০ গুণ।
আমদানির মাধ্যমেই প্রয়োজনীয় লিথিয়ামের বেশির ভাগ পূরণ করে ইইউ। জোটভুক্ত দেশগুলোয় আমদানি করা লিথিয়ামের ৭৮ শতাংশ এককভাবে জোগান দেয় লাতিন আমেরিকার চিলি। চীন থেকেও লিথিয়াম আমদানি করে ইইউ। লিথিয়ামকে ক্রিটিকাল র ম্যাটেরিয়াল হিসেবে ঘোষণা দেয়ার মধ্য দিয়ে নিজেদের খনি থেকে লিথিয়াম উত্তোলন বাড়াতে কাজ শুরু করবে জোটটি।
এর আগে বক্সাইট, কোবাল্ট, জারমেনিয়াম, ইন্ডিয়াম, গ্রাফাইট, ফসফরাসসহ অন্তত ২০টি ধাতুকে ক্রিটিকাল র ম্যাটেরিয়ালের স্বীকৃতি দিয়েছে ইইউ।
আনন্দবাজার/ডব্লিউ এস









