রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ করা হয়েছে নতুন ২ অনুষদ। বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ও ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগকে সম্প্রতি অনুষদে রূপান্তর করা হয়েছে। ব্যাপারটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী। জানা গেছে, এই নতুন ২ অনুষদের পরিচালক নিযুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান পরিচালনার দায়িত্বে থাকবেন।
এই বিষয়ে কৃষি অনুষের অধিকর্তা অধ্যাপক সালেহা জেসমিন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের ২৫০তম বৈঠকে বিভাগ দুটিকে অনুষদে রূপান্তরের অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ব্যাপারটি আমলে নিয়ে এই ২ বিভাগকে অনুষদে রূপান্তর করার অনুমোদন দিয়েছে।
তিনি আরও জানান, ফিশারিজ ও ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগ আগের নামেই অনুষদে রূপান্তরিত হবে। বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগ এই অনুষদগুলোতে কোনভাবেই সংযুক্ত হবে না। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সরাসরি অনুষদে ভর্তি হতে পারবে। তবে অনুষদ থেকে নাকি বিভাগ থেকে ডিগ্রি দেওয়া হবে এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরবর্তীতে নতুন প্রোগ্রাম (বিভাগ) খুলে এ অনুষদের বিভাগ বাড়ানো হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১০টি অনুষদের আওতায় ৫৯টি বিভাগ ছিল। কৃষি অনুষদ থেকে আলাদা হয়ে এই নতুন দুই অনুষদ মিলে বিশ্ববিদ্যালয়টির বর্তমানে অনুষদ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২টিতে। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির ৭টি উচ্চতর গবেষণা ইনস্টিটিউট রয়েছে।
আনন্দবাজার/এইচ এস কে









