বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। রোববার (৭ নভেম্বর) তিনি দায়িত্ব গ্রহণ করেন। মেজর জেনারেল মো. নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন মেজর জেনারেল জিয়াউর রহমান।
বেপজায় যোগদানের আগে মেজর জেনারেল জিয়াউর রহমান ৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন।
এর আগে তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তার সামরিক কর্মজীবন কমান্ড, স্টাফ ও ইনস্ট্রাকশনাল বিভিন্ন দায়িত্বে অতিবাহিত হয়েছে।
ব্রিগেডে তিনি লজিস্টিকস স্টাফ অফিসার ও অপারেশনস, প্ল্যানিং অ্যান্ড ইনটেলিজেন্স স্টাফ অফিসার ও আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড এবং আর্মি হেডকোয়ার্টারসে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে সম্মানসূচক ‘ডিরেক্টিং স্টাফ’ ও বাংলাদেশ মিলিটারি একাডেমির ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। মেজর জেনারেল জিয়াউর রহমান তার বর্ণাঢ্য কর্মজীবনে ব্যাটালিয়ান লেভেলে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি হাইতি ও সুদান জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন।
আনন্দবাজার/শহক









