আগামী তিন মাসের জন্য বন্ধ করা হয়েছে রিজেন্ট এয়ারওয়েজ। আজ থেকে এ নির্দেশনা কার্যকর করা হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বর্তমান এ পরিস্থিতি কতদিন চলবে, সেটিও জানা যাচ্ছে না। আমাদের রাজস্ব আয় শূন্য শতাংশে চলে এসেছে। আমরা তিন মাস সময়কে একটা গাইডলাইন হিসেবে ধরেছি। সবকিছু ঠিক থাকলে এর আগেও ফ্লাইট পরিচালনা করতে পারি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক যেসব গন্তব্যে আমরা ফ্লাইট পরিচালনা করতাম নভেল করোনাভাইরাসের কারণে একে একে তার সবগুলোই বন্ধ করতে হয়েছে। আবার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর যাত্রীদের ভ্রমণে আস্থা ফিরতেও সময় লাগতে পারে। সবকিছু বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রিজেন্ট এয়ারওয়েজ বর্তমানে দেশের ভেতর চট্টগ্রাম ও কক্সবাজার এবং দেশের বাইরে কলকাতা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, মাস্কাট এবং দোহায় ফ্লাইট পরিচালনা করছে।
আনন্দবাজার/রনি








