দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে অর্ধদিবস দিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট। তবে এর তেমন কোনও প্রভাব পড়েনি রাজধানীর মতিঝিল ব্যাংক পাড়ায়। বিগত দিনের মতোই স্বাভাবিক ছিলো ব্যাংকগুলোর লেনদেন। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা কোনো বাধা ছাড়াই গিয়েছেন অফিসে। গ্রাহকরাও অন্য দিনের মতোই প্রয়োজনীয় লেনদেন করছেন। মতিঝিল, কমলাপুর, ফকিরাপুল, দৈনিক বাংলা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ব্যাংকপাড়া বলে খ্যাত মতিঝিল এলাকায় দেখা যায়, যানবাহন চলাচল করছে আগের মতোই। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় ছিলো আইনশৃঙ্খলা বাহিনী। এ প্রসঙ্গে সোনালী ব্যাংকের ডিজিএম মো. তানজিমুল ইসলাম বলেন, ‘ব্যাংকে হরতালের প্রভাব পড়েনি। সকালে যথাসময়ে ব্যাংক লেনদেন শুরু হয়েছে। কর্মকর্তারাও যথা সময়ে গিয়েছেন অফিসে। গ্রাহকরাও অন্যান্য দিনের মতোই লেনদেন করেছেন।
ডাচ বাংলা ব্যাংকের জনসংযোগ সগির আহমেদ জানান, হরতালে কোনও সমস্যা হয়নি। কোথাও কোন পিকেটিংয়ের শিকার হয়নি। রাস্তায় কোন মিছিলও চোখে পড়েনি। ইসলামী ব্যাংকের কর্মকর্তা মহসিন আলী বলেন, ‘হরতাল শুরু হলেও অফিসে পৌঁছাতে কোনও সমস্যা হয়নি।’ অফিসে লেনদেন অন্যান্য দিনের মতোই চলেছে।
প্রসঙ্গত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস দিবস হরতাল গতকাল সোমবার সকাল ৬টায় শুরু হয়। হরতাল সমর্থনে পল্টন এলাকাসহ রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল করেছে বাম জোট।








