ক্যারিয়ারে এই প্রথমবারের মতো কলকাতার ছবিতে অভিনয় করতে চলেছেন দেশসেরা অভিনেতা মোশাররফ করিম। ছবির নাম ‘ব্যবধান’। দুই বন্ধুর মধ্যকার দূরত্বের গল্পের জন্যই ছবির নাম দেয়া হয়েছে ‘ব্যবধান’। এখানে মোশাররফ করিমের বন্ধুর চরিত্রে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
কলকাতার চলচ্চিত্র নির্মাতা ও রাজনীতিক ব্রাত্য বসু্র পরিচালনায় নির্মিত হবে ‘ব্যবধান’। জানা যায় বুদ্ধদেব গুহর লেখা দুটি ছোট গল্প অবলম্বনে ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। ব্রাত্য বসুর সঙ্গে যৌথভাবে এই গুরুদায়িত্বটি সামলেছেন নাটকের চিত্রনাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়। আসছে বছরের ফেব্রুয়ারি থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
গত মাসে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ফিল্ম অ্যাওয়ার্ড-এ অংশ নিতে এসে মোশাররফ করিমের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক ব্রাত্য বসু। সাথে আবির চট্টোপাধ্যায়ও ছিলেন। সেখানেই ‘ব্যবধান’ এর কাজ নিয়ে কথা হয় ব্রাত্য বসু, মোশাররফ করিম ও আবির চট্টোপাধ্যায়ের মধ্যে।
পরিচালকের সঙ্গে একই সুর মিলিয়ে মোশাররফ করিম জানান, ‘বাংলাদেশ-ভারত ফিল্ম অ্যাওয়ার্ড’-এর অনুষ্ঠান চলাকালে ছবিটি নিয়ে ব্রাত্য বসুর সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে লিখিত চুক্তি এখনও হয়নি। আশা করা যায় শিগগিরই তা হয়ে যাবে। কয়েকদিনের ভেতর কলকাতায় যাওয়ার কথা আছে। তখনই সবকিছু চূড়ান্ত হবে।’
ব্রাত্য বসুর ‘ব্যবধান’-এ মোশাররফ করিম ও আবির চট্টোপাধ্যায় ছাড়া সহশিল্পি হিসেবে কারা থাকবেন তা এখনও জানা যায়নি। প্রায় ৯ বছর পর পুনরায় সিনেমা নির্মাণে ফিরেছেন এই পরিচালক। এখন থেকে নিয়মিত হবেন সাথে চালাবেন লেখালেখিও বলে জানান তিনি। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন ব্রাত্য বসু।
আনন্দবাজার/শাহী









