প্রথমবার সরকার ঘোষিত সাধারণ ছুটিতে শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকলেও এবার সেটি হবে না। সাধারণ ছুটিতেও লেনদেন চালু থাকবে পুঁজিবাজারে। কিন্তু সাধারণ ছুটিতে রেড জোন এলাকাগুলোতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ব্যাংকিং চলবে। তাই শেয়ারবাজারে বেলা দেড়টা পর্যন্ত লেনদেন চালানো সম্ভব হবে কি-না তা নিয়ে সন্দেহ রয়েছে। এ ক্ষেত্রে লেনদেনের সময় এক ঘণ্টা কমতেও পারে। সংশ্লিষ্টদের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে।
কিন্তু বিএসইসি কিংবা ডিএসই-সিএসই এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
উল্লেখ, আজ সোমবার (১৬ জুন) সরকার করোনাভাইরাসের সংক্রমণ রোধে রেড জোন হিসেবে চিহ্নিত এলাকায় ৩০ জুন পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। আগামীকাল মঙ্গলবার দুই সপ্তাহের এই ছুটি শুরু হবে।
এ বিষয়ে যোগাযোগ করলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক শফিকুর রহমান অর্থসূচককে বলেন, ‘আমি এখন পর্যন্ত এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা পাইনি। তাই কিছু জানাতে পারছি না’।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রেড জোন এলাকাগুলোতে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চলবে। এমন অবস্থায় পুঁজিবাজারে বেলা দেড়টা পর্যন্ত লেনদেন কীভাবে চলবে তা নিয়ে অবশ্য কিছু অনিশ্চয়তা রয়ে গেছে।
আনন্দবাজার/এফআইবি









