করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে নেয়া লকডাউন পদক্ষেপের কারণে দেউলিয়াত্বের পথে যুক্তরাজ্যের কয়েক হাজার ব্যবসাপ্রতিষ্ঠান। যুক্তরাজ্যের ব্যবসায়িক নেতারা মনে করছেন ঝুঁকিতে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানের সহায়তায় গৃহীত সরকারি উদ্ধার পরিকল্পনা অপ্রতুল।
ব্যবসায়িক নেতাদের মতে, এ পরিকল্পনার পরিধি না বাড়ালে দেশটির কয়েক হাজার ব্যবসাপ্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাবে। কারণ উপাত্ত অনুযায়ী এখন পর্যন্ত সরকার ঘোষিত সহায়তা ঋণ পেয়েছে মোট আবেদনকারী প্রতিষ্ঠানের অর্ধেকেরও অনেক কম। খবর গার্ডিয়ান।
যুক্তরাজ্যের কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রি (সিবিআই) জানিয়েছে, চলমান পরিস্থিতিতে দেশটির সরকারকে ঋণসহায়তার অপূর্ণতা নিয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশেষ করে নজর দিতে হবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য নেয়া ঋণ প্রকল্পের ক্ষেত্রে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ প্রকল্পের আওতায় ২৮০ কোটি পাউন্ড ঋণ পেয়েছে ১৬ হাজার ৬২৪টি প্রতিষ্ঠান। এক সপ্তাহ আগে প্রদত্ত এ ঋণের পরিমাণ ছিল ১১০ কোটি পাউন্ড। অথচ ফ্রান্সে একই ধরনের ঋণ প্রকল্পের আওতায় এরই মধ্যে ১ লাখ ৭০ হাজার প্রতিষ্ঠানকে বিতরণ করা হয়েছে ২ হাজার কোটি পাউন্ড।
সিবিআইয়ের মহাপরিচালক ক্যারোলিন ফেয়ারবেয়ার্ন বলেন, এখনই সরকারের নভেল করোনাভাইরাস বিজনেস ইন্টারাপশন লোন স্কিমের (সিবিআইএলএস) সম্প্রসারণ করতে হবে। একই সঙ্গে আগে যেসব কোম্পানি লোন আবেদন করে ব্যর্থ হয়েছে, তাদের জন্য নতুন করে অনুদানের ব্যবস্থা করতে হবে। অন্যথায় কভিড-১৯ সংক্রমণজাত এ সংকটে দেউলিয়াত্বের ঝুঁকিতে পড়বে হাজার হাজার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান।
আনন্দবাজার/শহক









