দীর্ঘদিন অন্তরালে থাকার পর অবশেষে প্রকাশ পেয়েছে অ্যাশেজ ব্যান্ডের নতুন গান। ‘উড়ে যাওয়া পাখির চোখে’ নামের গানটি দিয়ে ফিরেছে অ্যাসেজ। এই গানটি উৎসর্গ করা হয়েছে আইয়ুব বাচ্চুকে।
অ্যাশেজ বাংলাদেশ নামের ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত হয় ৫ ডিসেম্বর। গানটি অ্যাশেজের ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামের দ্বিতীয় গান।
অ্যাসেজ এর ভোকালিস্ট জুনায়েদ ইভান জানান, ‘আমরা বিশ্বাস করি কিংবদন্তির কখনও মৃত্যু হয় না। প্রজন্ম থেকে প্রজন্ম তিনি গানের মাধ্যমে বেঁচে থাকবেন সবার অন্তরে।’ তিনি আরও জানান, ‘বেঁচে থাকার দীপ্ত-শিখা নিভে গেলে পুনরায় আগুন জ্বালাবার জন্য নিজের ভেতর যে ক্রোধটুকু থাকা জরুরি তা এই গানের উপজীব্য বিষয়। আশা করছি গানটি ভক্ত ও শ্রোতাদের মনে ভালো লাগার আবেশ জাগাবে।’
গানের পথে যাত্রা শুরুর পর ব্যান্ডটি দশ বছর অতিক্রম করেছে। দলের প্রথম অ্যালবামের নাম ছিলো ‘ছারপোকা’। ‘ছারপোকা’ অ্যালবামটি শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলো।
আনন্দবাজার/শাহী









