বলিউড পাড়ায় আবারো শুরু হয়েছে #মিটু বিতর্ক। সম্প্রতি ৬৫ বছরের এক ফিল্ম প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছে বলিউডের পরিচিত মুখ মডেল-অভিনেত্রী মল্লার রাঠৌর।
ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। অভিনেত্রীর কথানুযায়ী, ২০০৮ সালে ক্যারিয়ার শুরুর সময় এমন ঘটনা ঘটে। বলিউডে পরিচিত এক প্রযোজক তাকে সিনেমায় অভিনয় করার অফার দেন। কিন্তু দেখা করতে যেয়েই তাকে পড়তে হয় এক অবাঞ্ছিত পরিস্থিতিতে।
মল্লার জানান, ছবিতে রোল দেয়ার কথা বলে ওই প্রযোজক তার শ্লীলতাহানির চেষ্টা করেন। শুধু তাই নয়, রোল পেতে গেলে মল্লারকে বিবস্ত্র হতে হবে, সেই শর্তও জুড়ে দিয়েছিলেন সেই ব্যক্তি।
মল্লারের আরও জানান, "প্রযোজক আমার জন্য একটি চরিত্র ভেবেছেন। একই সঙ্গে এ-ও বলেছেন চরিত্রটি করতে গেলে আমায় টপ খুলে বিবস্ত্র হতে হবে। আর এ কাজ করতে পারলেই আমাকে তার ছবিতে ফাইনাল কাস্টিং করা হবে বলেও জানান তিনি।"
ঘটনার আকস্মিকতায় খুবই ভয় পেয়েছিলেন মল্লার। কী করবেন কিছুই বুঝে উঠতে পারেননি প্রথমে। এখন অবশ্য বলিউডে বেশ ভাল অবস্থানেই আছেন মল্লার। বেশ কিছু ওয়েবসিরিজ ছাড়াও বিজ্ঞাপন জগতের তিনি এখন বেশ পরিচিত মুখ।
বলিউডে কাস্টিং কাউচের ঘটনা মিথ্যা নয়, বারেবারেই তার প্রমাণ পাওয়া গিয়েছে। গ্ল্যামার জগতে প্রতিষ্ঠা দেয়ার শর্ত দিয়ে ফায়দা তোলার অভিযোগ বারেবারেই উঠে এসেছে। কাস্টিং কাউচের শিকার যে শুধু মহিলারাই হয়েছেন এমনটা ভাবাও নিছক ভুল। পুরুষ, তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও সম্মুখীন হতে হয়েছে এমন ঘটনার।
আনন্দবাজার/শাহী









