ইউরোপের দেশগুলোতে রাশিয়ান গ্যাস বন্ধ করার পর এবার ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে দেশটি। ফলে যুদ্ধ ছাড়িয়ে জ্বালানি নিয়ে নতুন করে বিশ্বব্যাপি অনিশ্চয়তা তৈরি হচ্ছে। তাছাড়া গ্যাসের বিকল্প সরবরাহ নিশ্চিত করার চাপ বৃদ্ধির পাশাপাশি ইউরোপজুড়ে বেড়ে গেছে গ্যাসের দাম।
এর আগে দেশটির রুশ বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘রাও (আরএও) নর্ডিক’ বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেয়। এরপরই ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হলো। আরএও-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ফিনল্যান্ড আগে সরবরাহ করা বিদ্যুতের পাওনা মূল্য পরিশোধ করেনি। মূল্য পরিশোধসংক্রান্ত জটিলতার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি ব্যতিক্রমী পরিস্থিতি, যা আমাদের বাণিজ্য ইতিহাসের ২০ বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ঘটেছে।
ফিনল্যান্ডের বিদ্যুৎ সরবরাহের সঙ্গে যুক্ত একজন অপারেটর এএফপিকে জানিয়েছে, রাশিয়া দেশটির বিদ্যুতের সামান্য অংশ সরবরাহ করে থাকে, যা বিকল্প উৎস থেকে জোগান দেওয়া হবে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা করছে ফিনল্যান্ড। এতে ক্ষুব্ধ হয়েছে রাশিয়া। ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে গত বৃহস্পতিবার রাশিয়া ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’ নেওয়ার হুমকি দেয়। ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার দীর্ঘ ১ হাজার ৩০০ কিলোমিটার (৮১০ মাইল) সীমান্ত রয়েছে। আজ রোববার ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে।
রাও নরডিক বা ফিনল্যান্ডের গ্রিড অপারেটর প্রতিষ্ঠান ফিনগ্রিড কেউই ব্যাখ্যা করেননি যে অর্থ প্রদানের সমস্যা হওয়ার কারণ কী। তবে ফিনগ্রিড জানিয়েছে, ফিনল্যান্ডের চাহিদার কেবল ১০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা হয় রাশিয়া থেকে। তাই জাতীয় পর্যায়ে দেশটিতে কোনো বিদ্যুৎ ঘাটতি সৃষ্টি হবে না।
প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিমা পাইভিনেন জানিয়েছেন, রাশিয়া থেকে আসা বিদ্যুতের বিকল্প হিসেবে সুইডেন থেকে আমদানি করা হবে। এ ছাড়া ফিনল্যান্ডের অভ্যন্তরীণ বিদ্যুৎ উৎপাদনও বাড়ানো হবে।
ফিনল্যান্ড শীতপ্রধান দেশ। শীতের সময় হিটারের মাধ্যমে বাসস্থানগুলো গরম রাখে ফিনিশরা। এ জন্য দেশটিতে শীতকালে বিদ্যুৎ চাহিদা বৃদ্ধি পায়। এখন আবহাওয়া উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ফিনল্যান্ডে বিদ্যুতের চাহিদা কমছে। এ ছাড়া ফিনগ্রিড জানিয়েছে, এই গ্রীষ্মে নতুন একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র খোলা হবে যা রাশিয়ার বন্ধ করে দেয়া বিদ্যুৎ সরবরাহের থেকে আরও বেশি বিদ্যুৎ গ্রিডে যুক্ত করবে।
উল্লেখ্য, গত মাসে প্রাকৃতিক গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করতে অস্বীকার করায় বুলগেরিয়া ও পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া।









