- ছয় কোটি পরিশোধে ৪ রপ্তারিকারকের মামলা
প্রায় ছয় কোটি টাকা বকেয়া পরিশোধ না করায় যুক্তরাজ্যভিত্তিক পোশাক রিটেইলার প্রতিষ্ঠান এডিনবার্গ উলেন মিল গ্রুপের (ইডাব্লিউএম) বিরুদ্ধে মামলা করেছে দেশের চার তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান। ঢাকার নিম্ন আদালতে গত ১৪ মার্চ মামলাটি করা হয়। তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এই তথ্য জানা যায়।
এ মামলার বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম নীলিম জানান, ইডব্লিউএম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান পিককের নামে বাংলাদেশ থেকে যে পণ্য জাহাজীকরণ হয়েছে তার মূল্য পরিশোধ করা হচ্ছে না।
ইডব্লিউএম গ্রুপের বক্তব্য অনুযায়ী, পিকক যুক্তরাজ্যের আদালতে দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করে। এরপর পিউরপে ও এনগ্লো গ্লোবাল যৌথভাবে প্রতিষ্ঠানটি ক্রয় করে নেয়। ফলে ইডব্লিউএম আর পুরনো দেনা-পাওনা পরিশোধ করতে বাধ্য নয়। কিন্তু নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, পিকক, পিউরপে ও এনগ্লো গ্লোবাল তিনটি প্রতিষ্ঠানই ইডব্লিউএমের অধীনস্থ এবং এদের মূল মালিক ব্রিটিশ বিলিয়নেয়ার ফিলিপ ডে।
অন্যদিকে ২০১৯ সালের ২ মার্চ পর্যন্ত মুনাফা বাবদ ২৬৭ কোটি ৩০ লাখ টাকা ছিল, নগদ ছিল ১ হাজার ২৯৫ কোটি টাকা। কিন্তু দেউলিয়া ঘোষণার আবেদন করা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানটি কিনে নেয়া বাকি দুটি প্রতিষ্ঠানসহ তিনটি প্রতিষ্ঠানই ইডব্লিউএম গ্রুপের মালিকানাধীন। ফলে তাদের হাতে মুনাফা থাকার পরও বাংলাদেশী চার পোশাক রফতানিকারকের পাওনা ৫ কোটি ৯৮ লাখ টাকা পরিশোধ না করা প্রতারণা বলে দাবি মামলার বাদীপক্ষের।
উল্লেখ্য, যেসব প্রতিষ্ঠান মামলা করেছে সেগুলো হলো ডিজাইন টেক্স নিটওয়্যার লিমিটেড, ডিজাইন টেক্স ফ্যাশন লিমিটেড, নিট বাজার ও বটমস গ্যালারি প্রাইভেট লিমিটেড।









