- সার-বীজে প্রণোদনার দাবি চাষিদের
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর চরে পাট চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। চরের বুকে জেগে উঠা প্রায় ১০ থেকে ১২ হাজার হেক্টর জমিতে পাট নিয়ে সোনালি স্বপ্ন দেখছেন তারা। সূর্য ওঠা থেকে সূর্যাস্ত পর্যন্ত পাট চাষ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।
কৃষি অফিস জানায়, উপজেলার পানিয়ালের ঘাট, জুয়ান সতরা, গোড়াই পিয়ার, আমনি আষাড় চর, মাঠের হাট চর, গাবরে চর, টিটমার চর, শুকদেবকুন্ডের চর, বি-রহিমের চর, বজরা খামার দামার হাট চর, সাতালস্কারের চরে পাটের আবাদ বেশি হয়েছে।
উপজেলার থেতরাই ইউনিয়নের আব্দুল হামিদ তিন একর, আব্দুস ছালাম পাঁচ একর, এমদাদুল হক ২০ একর, মতিন ২০ একর জমিতে পাট চাষ করেছেন। কৃষি অফিস থেকে সরকারি প্রণোদনা হিসেবে পাটের বীজ কিংবা সার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসের কৃষি উপসহকারি স্বপন কুমার জানান, এখন পর্যন্ত উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস থেকে কোনো নির্দেশনা আসেনি। যদি পাটের বীজ ও সার আসে তাহলে আদর্শ কৃষকদের মঝে বিতরণ করা হবে।
উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি মোস্তফা কামাল বলেন, এখন আমাদের কৃষি সম্প্রসারণ অফিস অফিস থেকে পাট বীজ ও সার প্রণোদনা হিসাবে আদর্শ কৃষকেদের মাঝে বিতরণ করা হয় নি। কারণ এখন তিস্তার চরে পিয়াজ চাষিরা পিয়াজ উঠাচ্ছেন। পিয়াজ উঠানো শেষ হলে আমরা পাট চাষিদের পাটের বীজ ও সার আদর্শ কৃষকদের মাঝে বিতরণ করব।









