দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরে ২০০৩ সালের পর ফের জনসংখ্যা কমেছে। মহামারী করোনার কারণে সম্প্রতি বিদেশি এবং অনেক স্থায়ী বাসিন্দারা দেশটি ছেড়ে যাওয়াতে প্রভাব পড়েছে জনসংখ্যার হিসাবে।
বার্ষিক জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরে বসবাসরত মানুষের সংখ্যা প্রায় ১৮ হাজার কমেছে। এতে মোট জনসংখ্যা প্রায় ৫৭ লাখে দাঁড়িয়েছে। যা গেল বছরের তুলনায় দশমিক তিন ভাগ কম। এর মধ্যে আবার বিদেশিদের সংখ্যা দুই ভাগ কমে সাড়ে ১৬ লাখে ঠেকেছে।
জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে জানায়, এশিয়ায় ব্যবসার অন্যতম প্রাণকেন্দ্র সিঙ্গাপুর কোভিড-১৯ এর কারণে অর্থনৈতিকভাবে বেশ বড় ধরনের ধাক্কা খেয়েছে। সরকারি হিসাবে এ বছর জিডিপি প্রবৃদ্ধি পাঁচ থেকে সাত শতাংশ কমতে পারে।
এমন অবস্থায় নিজেদের বাসিন্দাদেরই কর্মসংস্থান নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার। যদিও এ নিয়ে সরকারের রয়েছে ভিন্নমত। কারণ এর ফলে দীর্ঘমেয়াদে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে।
উল্লেখ্য, বিশ্বের নিম্ন জন্মহারের দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরে বিদেশিরাই জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। গত দুই দশকে সেখানে বিদেশি জনসংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি।
আনন্দবাজার/এম.কে









